ক্তস্নাত জুলাই গণ-অভ্যুত্থান এবং দীর্ঘ ১৬ বছরের গণতান্ত্রিক সংগ্রাম শেষে জনগণের ভোটে নির্বাচিত সরকার তার প্রথম ১০০ দিনে মানবিক ও জনমুখী রাজনীতির এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে দেশ আজ গভীর সংকট কাটিয়ে জনবান্ধব অগ্রযাত্রায় পদার্পণ করেছে।
সোমবার (২৫ মে ২০২৬) বেলা তিনটায় প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ের ‘করবী’ হলে সরকারের ‘১০০ দিন পূর্তি’ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।
সংবাদ সম্মেলনে মুখপাত্র সরকারের প্রথম ১০০ দিনের প্রধান প্রধান অর্জন ও উদ্যোগসমূহ তুলে ধরেন:
-
মন্ত্রণালয়ভিত্তিক কর্মপরিকল্পনা: প্রতিটি মন্ত্রণালয়ে দ্রুত ও দৃশ্যমান সংস্কারের লক্ষ্যে ১৮০ দিনের খাতনির্ভর বিশেষ কর্মপরিকল্পনা প্রণয়নের নির্দেশনা দেওয়া হয়েছে।
-
মন্ত্রিসভার সিদ্ধান্ত: গত ১০০ দিনে মন্ত্রিসভার ১০টি বৈঠকে গৃহীত ৬০টি সিদ্ধান্তের মধ্যে ইতোমধ্যে ৩৭টি সফলভাবে বাস্তবায়িত হয়েছে।
-
সামাজিক ও ধর্মীয় নিরাপত্তা: নারীদের অর্থনৈতিক সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ চালু এবং নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী ইমাম, মুয়াজ্জিন ও খতিবদের জন্য রাষ্ট্রীয় সম্মানী ভাতা প্রদান শুরু হয়েছে। বিদ্যুতের প্রিপেইড মিটারের অতিরিক্ত মাসিক চার্জ প্রত্যাহার করা হয়েছে।
-
কৃষি ও গ্রামীণ উন্নয়ন: ক্ষুদ্র চাষিদের সুবিধার্থে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফ করা হয়েছে। কৃষি ব্যবস্থাপনাকে আধুনিক করতে ‘কৃষক কার্ড’ এবং দেশজুড়ে খাল খনন কর্মসূচি ও পদ্মা ব্যারেজ প্রকল্পের উদ্যোগ নেওয়া হয়েছে।
-
অর্থনীতি ও পাচার হওয়া অর্থ উদ্ধার: এস আলম গ্রুপের ৪,২৬৪ কোটি টাকার স্থাবর সম্পত্তি জব্দ করা হয়েছে। বিদেশে পাচার হওয়া অর্থ ফেরাতে আন্তর্জাতিক চুক্তি সই হয়েছে। প্রবাসীদের অবদানে গত মাসে ইতিহাসের সর্বোচ্চ ৩.৭৫ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে এবং তাদের জন্য ‘প্রবাসী কার্ড’ চালু হচ্ছে।
-
কর্মসংস্থান ও শিল্প: বন্ধ কলকারখানা চালু ও কর্মসংস্থান সৃষ্টিতে ৬০ হাজার কোটি টাকার বিশেষ তহবিল ঘোষণা করা হয়েছে। ২ লাখ ফ্রিল্যান্সারকে দেওয়া হচ্ছে রাষ্ট্রীয় পরিচয়পত্র।
-
যোগাযোগ ও অবকাঠামো: টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত ‘ইকোনমিক করিডোর’ প্রতিষ্ঠার কাজ শুরু হয়েছে। আগামী ১৬ ডিসেম্বরের মধ্যে উদ্বোধনের লক্ষ্য নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালের কাজ দ্রুত এগিয়ে চলছে।
-
ঈদ ও কোরবানি ব্যবস্থাপনা: ঈদযাত্রা নির্বিঘ্ন করতে বিশেষ ট্রেন ও নৌ-সার্ভিস চালু করা হয়েছে। ট্রেনে নারীদের জন্য থাকছে আলাদা কম্পার্টমেন্ট। কোরবানির পশুর বর্জ্য ৮ ঘণ্টার মধ্যে অপসারণ এবং চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিতে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।
-
আইনের শাসন ও দ্রুত বিচার: অপরাধ দমনে সরকার শূন্য সহনশীলতা নীতি গ্রহণ করেছে। মেহেরপুরে শিশু ধর্ষণের মামলায় মাত্র ২৯ কার্যদিবসে আসামির মৃত্যুদণ্ড কার্যকর করা এর বড় নজির। পল্লবীর শিশু রামিসা হত্যা মামলার চার্জশিটও দ্রুততম সময়ে দাখিল করা হয়েছে।
-
পররাষ্ট্র নীতি: বাংলাদেশি পাসপোর্টে পুনরায় ‘ইসরায়েল ব্যতীত’ (Except Israel) শব্দবন্ধটি যুক্ত করার আনুষ্ঠানিক উদ্যোগ নেওয়া হয়েছে।
মুখপাত্র মাহদী আমিন বলেন, বর্তমান প্রধানমন্ত্রী নিজেকে কোনো দূরবর্তী ক্ষমতাধর শাসক হিসেবে নয়, বরং জনগণের দুয়ারে পৌঁছে যাওয়া এক নিবেদিত প্রতিনিধি হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত করার লক্ষ্য নিয়ে সরকার কাজ করে যাচ্ছে।
সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, স্পিচ রাইটার এস এ এম মাহফুজুর রহমানসহ প্রেস উইংয়ের জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।







