এক মাসের মধ্যে শিশু রামিসার হত্যাকারীর মৃত্যুদণ্ড নিশ্চিত করা হবে
 

 

এক মাসের মধ্যে শিশু রামিসার হত্যাকারীর মৃত্যুদণ্ড নিশ্চিত করা হবে: ত্রিশালে প্রধানমন্ত্রী তারেক রহমান

রাজধানীর পল্লবীতে ৮ বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যাকারী ঘাতক সোহেল রানার সর্বোচ্চ শাস্তি আগামী এক মাসের মধ্যে নিশ্চিত করা হবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি স্পষ্ট ভাষায় হুঁশিয়ারি দিয়ে বলেন, “এই ধরনের বর্বর শিশু বা নারী নির্যাতন বর্তমান সরকার কোনোভাবেই বরদাশত করবে না। ইনশাআল্লাহ, আগামী এক মাসের মধ্যে এই জঘন্য অপরাধীর সর্বোচ্চ শাস্তি—মৃত্যুদণ্ড নিশ্চিত করা হবে; যাতে ভবিষ্যতে আর কেউ কোনো নারী বা শিশুর ওপর হাত তোলার দুঃসাহস না দেখায়।”

শনিবার (২৩ মে ২০২৬) বিকেলে ময়মনসিংহের ত্রিশালের নজরুল মঞ্চে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত তিন দিনব্যাপী অনুষ্ঠানের শুভ উদ্বোধন ও ‘নজরুল পুরস্কার-২০২৫’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

ত্রিশালকে ‘নজরুল সিটি’ করার ঘোষণা ও জিয়া পরিবারের অবদান:

বাংলাদেশ ও কাজী নজরুল ইসলাম এক অবিভাজ্য সত্তা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, কবি নজরুলের বৈপ্লবিক জীবনদর্শন ও কর্ম বিশ্ব দরবারে আরও বিস্তৃতভাবে ছড়িয়ে দিতে হবে। এই লক্ষ্যেই কবির স্মৃতিবিজড়িত ত্রিশালকে ‘নজরুল সিটি’ হিসেবে ঘোষণা করা যায় কি না—সে বিষয়ে সম্ভাব্যতা যাচাইয়ের জন্য তিনি সংস্কৃতি মন্ত্রণালয় ও পর্যটন বিভাগকে নির্দেশ দেন।

দীর্ঘ দুই দশক পর পুনরায় এখানে রাষ্ট্রীয়ভাবে নজরুল জয়ন্তী উদযাপিত হওয়ায় গৌরব প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, “২০০৬ সালের পর থেকে ত্রিশালে জাতীয় পর্যায়ে নজরুল জয়ন্তী উদযাপন করা হয়নি। এই প্রজন্মের অনেকেই হয়তো জানে না, ১৯১৪ সালে কাজী নজরুল ইসলামকে ত্রিশালের কাজির শিমলা গ্রামে নিজ বাড়িতে আশ্রয় দিয়েছিলেন মরহুম দারোগা রফিজ উল্লাহ। পরবর্তীতে ১৯৭৬ সালে ঢাকায় জাতীয় কবির জানাজা শেষে তাঁর লাশবাহী খাটিয়া যারা কাঁধে বহন করেছিলেন, তাদের অন্যতম ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। ১৯৭৯ সালে কবির জন্মজয়ন্তীর এক বর্ণাঢ্য র‍্যালিতেও তিনি অংশ নেন। আর এই মাটিতে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠা করেছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া।”

তিনি আক্ষেপ করে বলেন, গুণীজনকে সম্মান জানানোর এই কালজয়ী আদর্শগুলো থেকে দূরে সরে যাওয়ার কারণেই আজ সমাজে মূল্যবোধের চরম অবক্ষয় ও অপরাধ দৃশ্যমান হচ্ছে।

অনুষ্ঠানের বিবরণ:

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায় চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ত্রিশালের স্থানীয় সংসদ সদস্য মাহবুবুর রহমান এবং স্মারক বক্তব্য উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক তারিক মনজুর।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন কবির পৌত্রী ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান খিলখিল কাজী এবং ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক মো. লতিফুল ইসলাম। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ, সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব কানিজ মওলা, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম এবং সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। অনুষ্ঠান শেষে উপস্থিত সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন ময়মনসিংহের জেলা প্রশাসক মো. সাইফুর রহমান।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top