ঝিনাইদহে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটনা
 

 

ঝিনাইদহে নাসীরুদ্দীনের ওপর হামলা: আজ রাতেই গ্রেপ্তারের দাবি আসিফ মাহমুদের, প্রজন্ম বনাম সরকার সংঘাতের হুঁশিয়ারি

ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটনায় ক্ষমতাসীন দল ও প্রশাসনকে তীব্র হুঁশিয়ারি দিয়েছেন দলটির মুখপাত্র এবং সাবেক অন্তর্বর্তীকালীন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। হামলায় জড়িতদের শুক্রবার রাতের মধ্যে গ্রেপ্তারের আলটিমেটাম দিয়ে তিনি বলেন, “যদি জড়িতদের আইনের আওতায় আনা না হয় এবং আপনারা যদি সহিংসতার পথ বেছে নেন, তবে আমাদেরকেও পাল্টা প্রতিরোধের পথ বেছে নিতে বাধ্য হতে হবে।”

শুক্রবার (২২ মে ২০২৬) বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ইসলামী ছাত্রশিবিরের সাবেক নেতাদের উদ্যোগে গঠিত রাজনৈতিক প্ল্যাটফর্ম ‘ইউনাইটেড পিপল’স বাংলাদেশ’ (আপ বাংলাদেশ)-এর ঢাকার দুই মহানগরের ২২৯ জন নেতা-কর্মীর এনসিপিতে আনুষ্ঠানিক যোগদান উপলক্ষে এই সভার আয়োজন করা হয়।

লড়াইটা হবে পুরো প্রজন্মের সঙ্গে:

জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের অন্যতম শরিক দল এনসিপির নেতা আসিফ মাহমুদ অভিযোগ করেন, জাতীয় নির্বাচনের পর থেকে বিরোধী পক্ষ বারবার জুলাই গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ও গণভোটের রায় বাস্তবায়নে সরকারকে সহযোগিতার হাত বাড়িয়ে দিলেও ক্ষমতাসীনরা দমনের পথ বেছে নিচ্ছে। তিনি সতর্ক করে বলেন, “আমাদের সঙ্গে যদি এটা করতে চান, তবে এই লড়াইটা কোনো নির্দিষ্ট রাজনৈতিক দল বা মতাদর্শের সঙ্গে হবে না; এই লড়াইটা হবে পুরো একটা প্রজন্মের সঙ্গে। এই প্রজন্মের সঙ্গে লড়াই করার ভুলটা শেখ হাসিনা করেছিলেন। আশা করি, বর্তমান প্রধানমন্ত্রী সেই ভুল করবেন না।”

রাষ্ট্র পরিচালনায় বর্তমান সরকারের ব্যর্থতার সমালোচনা করে সাবেক এই উপদেষ্টা বলেন, নির্বাচনের পর থেকে দেশে খুন, ধর্ষণ ও নাগরিক নিরাপত্তার সংকট মারাত্মক রূপ নিয়েছে। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী নিজের দায়িত্ব পালনে অনীহা দেখাচ্ছেন উল্লেখ করে তিনি বলেন, এভাবে চলতে থাকলে জনগণ ব্যর্থ ব্যবস্থার বিরুদ্ধে আবারও রাজপথে নেমে আসতে বাধ্য হবে।

ছাত্রলীগ-যুবলীগের মতো আচরণ করলে আরও খারাপ পতন হবে: সারজিস আলম

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম ঝিনাইদহে নাসীরুদ্দীনের ওপর হামলার বিবরণ দিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তিনি দাবি করেন, জুমার নামাজের পর ঝিনাইদহে সহযোদ্ধাদের সঙ্গে পূর্বনির্ধারিত মতবিনিময় সভায় ছাত্রদল ও যুবদলের নেতা-কর্মীরা সুনির্দিষ্টভাবে সন্ত্রাসী কায়দায় আক্রমণ চালায়, যার স্পষ্ট ভিডিও ফুটেজ রয়েছে। কিছুদিন আগে শাহবাগ থানার ভেতরে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলারও কোনো বিচার হয়নি বলে তিনি উল্লেখ করেন।

ঢাকার পল্লবীতে শিশু রামিসা হত্যার পর প্রধানমন্ত্রীর ভুক্তভোগী পরিবার পরিদর্শনের কথা টেনে সারজিস আলম বলেন, “সহমর্মিতা প্রকাশের জন্য ধন্যবাদ। তবে এটি যদি কেবল সাময়িক জন-অসন্তোষ ধামাচাপা দেওয়ার রাজনৈতিক খেলা হয় এবং আগামী ছয় মাসেও বিচার না মেলে, তবে দেশের মানুষ আর এই সহমর্মিতার কার্ড মেনে নেবে না।”

ক্ষমতাসীনদের উদ্দেশে তিনি আরও বলেন, “আপনাদের নেতা-কর্মীরা গণ-অভ্যুত্থানে আমাদের সহযোদ্ধা ছিলেন, তাদের প্রতি আমরা সম্মান রাখতে চাই। কিন্তু তারা যদি বিগত স্বৈরাচারের পেটোয়া বাহিনীর মতো সন্ত্রাসী কায়দায় ভিন্নমত দমনের চেষ্টা করেন, তবে তাদের পতন আগের চেয়েও করুণ হবে।”

এনসিপির যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদের সভাপতিত্বে এবং যুগ্ম সদস্য-সচিব শাহরিন সুলতানার সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন দলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top