সরকারের দেশব্যাপী খাল খনন কর্মসূচি কৃষি ও মৎস্য খাতে এক অভূতপূর্ব সবুজ বিপ্লবের সূচনা করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। তিনি বলেন, “এই কর্মসূচির মাধ্যমে কেবল প্রকৃতির ভারসাম্যই পুনরুদ্ধার হবে না, বরং খালের বদ্ধ ও মুক্ত জলাশয়ে বিজ্ঞানসম্মত মাছ চাষের মাধ্যমে আমরা ‘মাছে-ভাতে বাঙালির’ সেই গৌরবময় ঐতিহ্যকে আবারও ফিরিয়ে আনতে পারব।”
শুক্রবার (২২ মে ২০২৬) দুপুরে ময়মনসিংহের ত্রিশালে ঐতিহাসিক ‘ধরার খাল’ পুনঃখনন কার্যক্রমের অগ্রগতি পরিদর্শন শেষে আয়োজিত এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন। মন্ত্রী দেশের পরিবেশ ও কৃষির টেকসই উন্নয়নে সাধারণ মানুষকে এই জাতীয় কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেওয়ার উদাত্ত আহ্বান জানান।
ত্রিশালে আসছেন প্রধানমন্ত্রী:
স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত এই ঐতিহাসিক ধরার খাল পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করতে আগামীকাল শনিবার (২৩ মে) ত্রিশাল আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী পরিবেশ সুরক্ষা ও বজ্রপাত নিয়ন্ত্রণের প্রতীক হিসেবে খালের পাড়ে একটি তালগাছ রোপণ করবেন। দেশের সরকার প্রধানের এই আগমনকে কেন্দ্র করে স্থানীয় জনগণের মাঝে ব্যাপক আনন্দ ও উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
পরিদর্শনকালে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রীর সাথে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন, ময়মনসিংহের জেলা প্রশাসক (ডিসি) সাইফুর রহমান এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।







