প্রতিবন্ধীবান্ধব অবকাঠামো ও বিশেষ সেবা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর - Peoples News
 

 

প্রতিবন্ধীবান্ধব অবকাঠামো ও বিশেষ সেবা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

সমাজের অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত করতে এবং প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সুরক্ষায় বাস্তবভিত্তিক পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলোকে কঠোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৩ মে ২০২৬) বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দপ্তরে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের সভায় তিনি এসব নির্দেশনা প্রদান করেন।

প্রধানমন্ত্রী স্পষ্ট করে বলেন, সমাজের প্রতিটি স্তরে বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের মর্যাদা নিশ্চিত করতে হবে এবং তাদের রাষ্ট্রীয় কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণের সুযোগ করে দিতে হবে। সভার সিদ্ধান্ত অনুযায়ী, দেশের ভবন নির্মাণ নীতিমালায় বড় পরিবর্তন আনা হচ্ছে; এখন থেকে হাসপাতাল, রেস্টুরেন্ট এবং সকল সরকারি-বেসরকারি স্থাপনায় হুইলচেয়ার ব্যবহারকারীদের উপযোগী প্রবেশপথ ও টয়লেট সুবিধা থাকা বাধ্যতামূলক। এমনকি নারীদের জন্য পরিকল্পিত ইলেকট্রিক বাসগুলোতেও বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের যাতায়াত সুবিধা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন তিনি।

শিক্ষাক্ষেত্রেও বিশেষ নজর দেওয়ার নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, সারা দেশে পরিচালিত প্রতিবন্ধী স্কুলগুলোর কার্যক্রম নিয়মিত তদারকি করতে হবে। শিশুদের প্রতিভা বিকাশে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ প্রতিযোগিতায় বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়াও সভার অন্যতম বড় ঘোষণা হিসেবে ‘শিশু স্বর্গ’ প্রকল্পের কথা জানানো হয়। প্রাথমিকভাবে ১০ জেলার ১০টি উপজেলায় এই প্রকল্পের মাধ্যমে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের স্বাস্থ্য ও পুনর্বাসন সেবা নিশ্চিত করা হবে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়কে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার বিষয়ে সামাজিক সচেতনতা বৃদ্ধিতে বিশেষ অনুষ্ঠান আয়োজনের দায়িত্ব দেওয়া হয়েছে।

সভায় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত, তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীসহ বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও সচিবরা উপস্থিত ছিলেন। এছাড়াও বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতির প্রতিষ্ঠাতা আবদুস সাত্তার দুলাল সভায় অংশ নিয়ে প্রতিবন্ধী ব্যক্তিদের সমস্যা ও সম্ভাবনাগুলো তুলে ধরেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top