দীর্ঘদিন ধরে ঝুলে থাকা রোহিঙ্গা সংকটের টেকসই ও স্থায়ী সমাধানে ওআইসিভুক্ত (অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন) সদস্য দেশগুলোর জোরালো সমর্থন ও সহযোগিতা কামনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১২ মে ২০২৬) দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দপ্তরে বাংলাদেশে নিযুক্ত ওআইসিভুক্ত দেশগুলোর রাষ্ট্রদূত ও হাইকমিশনারদের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎকালে তিনি এই প্রত্যাশার কথা জানান।
বৈঠকের শুরুতে প্রতিনিধিরা তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় অভিনন্দন জানান। এ সময় সদস্য দেশগুলোর প্রতিনিধিরা বাংলাদেশের সঙ্গে বিনিয়োগ, বাণিজ্য, শিক্ষা, স্বাস্থ্য, টেক্সটাইল ও ওষুধ শিল্পসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার প্রতিশ্রুতি দেন। ওআইসিভুক্ত দেশগুলো যেকোনো পরিস্থিতিতে বাংলাদেশের পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে। প্রধানমন্ত্রী তাদের এই বন্ধুত্বপূর্ণ অবস্থানকে স্বাগত জানান এবং বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে ওআইসিভুক্ত দেশগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আমলের কথা স্মরণ করে বলেন, সেই সময় থেকেই ওআইসিভুক্ত দেশগুলোর সঙ্গে বাংলাদেশের একটি গভীর ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের সূচনা হয়েছিল। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, আগামী দিনগুলোতে এই সম্পর্ক আরও সুদৃঢ় ও বহুমুখী হবে। বিশেষ করে মুসলিম উম্মাহর ঐক্য ও বাংলাদেশের উন্নয়নে ওআইসি দেশগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সৌজন্য এই বৈঠকে সৌদি আরব, তুরস্ক, ফিলিস্তিন, আলজেরিয়া, ব্রুনাই, মিশর, ইন্দোনেশিয়া, কুয়েত, মালয়েশিয়া, মালদ্বীপ, মরক্কো, ওমান, পাকিস্তান, কাতার ও সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত ও হাইকমিশনারগণ উপস্থিত ছিলেন। এ ছাড়া ইরান, ইরাক ও লিবিয়ার হেড অব মিশনসহ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা অংশ নেন। প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং পররাষ্ট্র সচিব মু. ফরহাদুল ইসলামও বৈঠকে উপস্থিত ছিলেন।







