পশ্চিমবঙ্গের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী ও বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর বাংলাদেশ সীমান্তে নতুন করে কাঁটাতারের বেড়া দেওয়ার সিদ্ধান্ত এবং আগামী ৪৫ দিনের মধ্যে বিএসএফ-কে জমি হস্তান্তরের ঘোষণার কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ঢাকা। সোমবার (১১ মে ২০২৬) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেন, কাঁটাতারের ভয় দেখিয়ে বাংলাদেশের মতো একটি দেশকে দমিয়ে রাখা সম্ভব নয়।
হুমায়ুন কবির স্পষ্ট করে জানান যে, পশ্চিমবঙ্গ সরকারের এই সিদ্ধান্ত ঢাকা গভীরভাবে পর্যবেক্ষণ করছে। তিনি বলেন, “কাঁটাতার দিয়ে বাংলাদেশকে ডর (ভয়) দেখানোর মতো কোনো জায়গা এখন আর নেই। বাংলাদেশের মানুষ কাঁটাতার ভয় পায় না।” উপদেষ্টা আশা প্রকাশ করেন যে, সীমান্তে আগের সরকারের আমলের মতো বৈরী পরিস্থিতি আর কখনো সৃষ্টি হবে না। তিনি আরও যোগ করেন যে, যেখানে কূটনৈতিক আলোচনা প্রয়োজন, সেখানে বাংলাদেশ সরকার অবশ্যই জোরালোভাবে কথা বলবে।
একই সময় পররাষ্ট্র উপদেষ্টা প্রধানমন্ত্রীর আসন্ন চীন সফর এবং তিস্তা মহাপরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করেন। তিনি জানান, সাম্প্রতিক চীন সফরে তিস্তা প্রকল্পে অর্থায়নের বিষয়ে ব্যাপক অগ্রগতি হয়েছে এবং চীনের এক্সিম ব্যাংক এই প্রকল্পে অর্থায়ন করতে সম্মত হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, সফরের নির্দিষ্ট তারিখ এখনো নির্ধারণ না হলেও এটি দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে একটি বড় মাইলফলক হবে।







