রাজধানীর বর্জ্য ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফেরাতে এবং নাগরিক হয়রানি বন্ধে কঠোর অবস্থান নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। সোমবার (১১ মে ২০২৬) নগর ভবনে আয়োজিত এক মতবিনিময় সভায় ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম স্পষ্ট জানিয়ে দিয়েছেন, বাসাবাড়ি থেকে ময়লা সংগ্রহের জন্য নির্ধারিত ১০০ টাকার বেশি বিল আদায় করলে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের (পিসিএসপি) লাইসেন্স সরাসরি বাতিল করা হবে।
বর্জ্য ব্যবস্থাপনায় অনিয়ম ও জনভোগান্তি নিয়ে ক্ষোভ প্রকাশ করে প্রশাসক বলেন, বিভিন্ন এলাকা থেকে অতিরিক্ত টাকা আদায় এবং অনিয়মিত বর্জ্য সংগ্রহের অভিযোগ পাওয়া যাচ্ছে। এখন থেকে প্রতিটি ফ্ল্যাট বা বাসাবাড়ি থেকে মাসিক সর্বোচ্চ ১০০ টাকা বিল নির্ধারণ করে দেওয়া হয়েছে, যা অবশ্যই অনুমোদিত রশিদের মাধ্যমে সংগ্রহ করতে হবে। একই সঙ্গে তিনি নির্দেশ দিয়েছেন যে, ‘দিনের বর্জ্য দিনেই’ অপসারণ করতে হবে; কোনো অবস্থাতেই কোনো এলাকায় ময়লা জমে থাকতে পারবে না।
আসন্ন ঈদুল আজহা ঘিরে বিশেষ প্রস্তুতির বিষয়ে সভায় জানানো হয়, কোরবানির তিন দিন কোনো পরিচ্ছন্নতাকর্মী বা সংশ্লিষ্ট কর্মকর্তা ছুটিতে থাকতে পারবেন না। প্রতিটি ওয়ার্ড বর্জ্যমুক্ত না হওয়া পর্যন্ত কর্মীদের মাঠে সক্রিয় থাকতে হবে এবং ঠিকাদারদের সরাসরি উপস্থিত থেকে কাজ তদারকি করতে হবে। এ ছাড়াও রাস্তা বা খালে ময়লা ফেলার বিরুদ্ধে কঠোর সতর্কবার্তা দিয়ে তিনি বলেন, কোনো বাসাবাড়ি থেকে যদি নির্ধারিত স্থানের বাইরে ময়লা ফেলা হয়, তবে সেই ঠিকানায় মোবাইল কোর্ট পরিচালনা করে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। পরিচ্ছন্নতাকর্মীদের নাগরিক সেবায় বিনয়ী হওয়া এবং পরিচ্ছন্ন পোশাক পরে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে প্রশাসক বলেন, বর্জ্য ব্যবস্থাপনা কেবল একটি সেবা নয়, এটি একটি সামাজিক ও মানবিক দায়িত্ব। চুক্তির শর্ত ভঙ্গ করলে আইন অনুযায়ী কাউকে ছাড় দেওয়া হবে না।







