হরমুজ প্রণালীতে নিরাপত্তা নিশ্চিতে ব্রিটিশ যুদ্ধজাহাজ মোতায়েন
 

 

হরমুজ প্রণালীতে নিরাপত্তা নিশ্চিতে ব্রিটিশ যুদ্ধজাহাজ মোতায়েন; ট্রাম্পের নীতির কড়া সমালোচনায় কমলা হ্যারিস

মধ্যপ্রাচ্যের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাজ্য তাদের শক্তিশালী যুদ্ধজাহাজ ‘এইচএমএস ড্রাগন’ মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে। ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে সংবাদ সংস্থা প্রেস অ্যাসোসিয়েশন জানিয়েছে, মূলত ভবিষ্যতে কোনো আন্তর্জাতিক মিশনের মাধ্যমে জাহাজ চলাচল সচল রাখার প্রক্রিয়ায় ব্রিটেন যেন তাৎক্ষণিক ভূমিকা রাখতে পারে, সেই লক্ষ্যেই রয়্যাল নেভির এই যুদ্ধজাহাজটিকে সেখানে পাঠানো হচ্ছে। বর্তমানে যুদ্ধজাহাজটি পূর্ব ভূমধ্যসাগরে সাইপ্রাসের ব্রিটিশ ঘাঁটিতে নিয়োজিত রয়েছে এবং সেখান থেকেই সেটিকে মধ্যপ্রাচ্যের উদ্দেশ্যে রওনা হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এটি যুক্তরাজ্য ও ফ্রান্সের যৌথ নেতৃত্বে গঠিত হতে যাওয়া একটি বহুজাতিক জোটের অংশ হিসেবে কাজ করবে বলে জানা গেছে।

অন্যদিকে, ইরানের সঙ্গে চলমান উত্তেজনা ও ট্রাম্প প্রশাসনের যুদ্ধনীতির কড়া সমালোচনা করেছেন সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। নেভাডা ডেমোক্রেটিক পার্টির একটি অনুষ্ঠানে তিনি বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতিকে ‘ধাপ্পাবাজি’ ও ‘বিপজ্জনক’ হিসেবে অভিহিত করেন। হ্যারিস অভিযোগ করেন যে, আমেরিকান জনগণ এই যুদ্ধ চায় না এবং কংগ্রেস থেকেও এর কোনো বৈধতা নেওয়া হয়নি। তিনি আরও বলেন, ট্রাম্পের দায়িত্বজ্ঞানহীন নীতির কারণে আমেরিকা তার মিত্রদের কাছে বিশ্বাসযোগ্যতা হারিয়েছে এবং বিশ্বজুড়ে মার্কিন প্রভাব ক্ষুণ্ন হয়েছে। ২০২৪ সালের নির্বাচনে পরাজয়ের পর আসন্ন মিড-টার্ম নির্বাচনকে সামনে রেখে দলীয় কর্মকাণ্ডে অংশ নিয়ে হ্যারিস আরও দাবি করেন যে, রিপাবলিকানরা সাধারণ মানুষের দৃষ্টি ফেরাতে ভোট দেওয়ার প্রক্রিয়াকে জটিল করার চেষ্টা করছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top