গণতন্ত্র প্রতিষ্ঠায় আমলাদের সেবকের ভূমিকায় অবতীর্ণ হওয়ার আহ্বান স্পিকারের

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এমপি দেশের গণতান্ত্রিক কাঠামো শক্তিশালী করতে জেলা প্রশাসকদের ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে অভিহিত করেছেন। সোমবার জাতীয় সংসদের শপথ কক্ষে মন্ত্রিপরিষদ বিভাগ আয়োজিত ‘জেলা প্রশাসক সম্মেলন ২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এই অভিমত ব্যক্ত করেন। স্পিকার উল্লেখ করেন যে, প্রতিটি জাতীয় নির্বাচনে জেলা প্রশাসকগণ রিটার্নিং অফিসারের গুরুদায়িত্ব পালন করে থাকেন, যা সরাসরি গণতন্ত্রের গতিপথ নির্ধারণ করে। বিগত ১৬ বছরের আওয়ামী শাসনামলের নির্বাচন ব্যবস্থাকে নজিরবিহীন দুর্নীতিগ্রস্ত ও ত্রুটিপূর্ণ হিসেবে আখ্যায়িত করে তিনি বলেন, দেশের সামগ্রিক নির্বাচন প্রক্রিয়াকে অবাধ ও সুষ্ঠু করতে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের এখন থেকে সুদৃঢ় ভূমিকা পালন করতে হবে।

রাষ্ট্রের ব্যুরোক্রেসি বা আমলাতন্ত্রকে সঠিক পথে পরিচালনার গুরুত্ব তুলে ধরে স্পিকার বলেন, গণতন্ত্রকে প্রকৃত অর্থে অর্থবহ করতে হলে আমলাদের শাসক মানসিকতা পরিহার করে সেবকের ভূমিকায় অবতীর্ণ হতে হবে। তিনি স্মরণ করিয়ে দেন যে, বাংলাদেশের মানুষ অত্যন্ত গণতন্ত্রকামী এবং ১৯৭১ থেকে ২০২৪ সাল পর্যন্ত দীর্ঘ রক্তক্ষয়ী সংগ্রাম ও আত্মত্যাগের বিনিময়ে দেশে এই গণতান্ত্রিক পরিবেশ ফিরে এসেছে। বাঙ্গালি জাতির অসীম সাহসের ওপর ভিত্তি করে গড়ে ওঠা এই গণতন্ত্র রক্ষায় প্রশাসনিক কর্মকর্তাদের স্বচ্ছতা ও নিষ্ঠার সাথে কাজ করার নির্দেশ দেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপি সংসদকে গণতন্ত্রের প্রাণকেন্দ্র হিসেবে অভিহিত করেন এবং আইন বাস্তবায়নে নির্বাহী বিভাগের দায়িত্বশীলতার ওপর জোর দেন। অন্যদিকে, চিফ হুইপ মো. নূরুল ইসলাম মণি এমপি জেলা প্রশাসকদের সরকার ও জনগণের মধ্যে সেতুবন্ধন হিসেবে বর্ণনা করেন। অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসকগণের সাথে মতবিনিময় শেষে স্পিকার একটি ফটোসেশনে অংশগ্রহণ করেন। সংসদ সচিবালয় ও মন্ত্রিপরিষদ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে এই সম্মেলনে মাঠ প্রশাসনের প্রতিনিধি হিসেবে রাঙ্গামাটি ও বগুড়ার জেলা প্রশাসক এবং রাজশাহীর বিভাগীয় কমিশনার তাদের বক্তব্য তুলে ধরেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top