সরকারি প্রতিষ্ঠানগুলো লস, বেসরকারি হলেই লাভজনক: মুক্তিযুদ্ধমন্ত্রী
 

 

সরকারি প্রতিষ্ঠান লস প্রজেক্ট, বেসরকারি হলেই লাভজনক: মুক্তিযুদ্ধমন্ত্রী আহমদ আযম খান

সরকারি প্রতিষ্ঠানগুলো লস প্রজেক্ট হয় কারণ সেগুলো সরকারের নিয়ন্ত্রণে থাকে, অন্যদিকে বেসরকারি খাতে দিলে সেগুলো লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হয় বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমদ আযম খান। শনিবার (৪ এপ্রিল) হবিগঞ্জের মাধবপুরের তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা ও জনতার সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

মুক্তিযুদ্ধমন্ত্রী  আহমদ আযম খান বলেন, সরকারি নিয়ন্ত্রণে থাকলে সরকারের অসাধু কর্মকর্তা-কর্মচারীরা নিজেদের স্বার্থসিদ্ধির জন্য প্রতিষ্ঠানগুলোকে লস প্রজেক্টে পরিণত করে। চা বাগানের উদাহরণ দিয়ে তিনি জানান, বেসরকারি খাতে থাকা চা বাগানগুলো লাভজনক, অথচ বাংলাদেশ টি কোম্পানির আওতাধীন তেলিয়াপাড়াসহ অন্যান্য চা বাগানগুলো অলাভজনক হয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

মন্ত্রী সভায় উপস্থিত সংসদ সদস্যদের অনুরোধ জানান, কেন বেসরকারি প্রতিষ্ঠান লাভজনক এবং সরকারি প্রতিষ্ঠান অলাভজনক হচ্ছে, তা খতিয়ে দেখতে। তিনি আরও বলেন, চা বাগানগুলোকে ঠিকমতো পরিচর্চা করলে সেগুলো লাভজনক হবে এবং এর সাথে জড়িত অসংখ্য শ্রমিকের জীবন-জীবিকাও নিশ্চিত হবে।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের সভাপতিত্বে সমাবেশে আরও উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন, জাতীয় সংসদের হুইপ জি কে গউছ, সংসদ সদস্য ডা. সাখাওয়াত হাসান জীবন, সৈয়দ মো. ফয়সল, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট আমিনুল ইসলাম প্রমুখ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top