ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট)-এ আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। রোববার (১৭ মে ২০২৬) সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এই প্রতিক্রিয়া জানান।
বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার বলেন, শিক্ষার্থীদের ন্যায্য ও শান্তিপূর্ণ আন্দোলনে হামলা চালানো এবং ভয়ভীতি প্রদর্শনের মতো দমনমূলক আচরণ কোনো সভ্য ও গণতান্ত্রিক পরিবেশে মেনে নেওয়া যায় না। তিনি শিক্ষাঙ্গণে সহিংসতা ও দখলদারিত্বের রাজনীতির অবসান ঘটিয়ে শিক্ষার্থীদের জন্য একটি নিরাপদ ও সহনশীল শিক্ষার পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
জামায়াত নেতা অবিলম্বে এই হামলার সঙ্গে জড়িতদের ভিডিও ফুটেজ ও প্রমাণের ভিত্তিতে চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান। একইসঙ্গে তিনি আহত শিক্ষার্থীদের সুচিকিৎসা নিশ্চিত করতে এবং ডুয়েটসহ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার স্বাভাবিক ও শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর আহ্বান জানান।







