হাওড় অঞ্চলে আকস্মিক ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত কৃষকদের দুর্দশা লাঘবে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় দ্রুত এবং কার্যকর পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট সকল দপ্তরকে জরুরি নির্দেশনা দিয়েছেন। বৃহস্পতিবার (৭ মে ২০২৬) বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ সভায় তিনি এই নির্দেশনা প্রদান করেন। হাওড় এলাকার কৃষকদের আর্থিক সহায়তা কার্যক্রম পর্যালোচনার জন্য বিশেষ এই সভার আয়োজন করা হয়।
প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকদের নির্ভুল ও স্বচ্ছ তালিকা প্রস্তুত করার ওপর সর্বোচ্চ গুরুত্বারোপ করেছেন। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন যে, কোনো ধরনের স্বজনপ্রীতি বা অনিয়ম ছাড়াই এই তালিকা তৈরি করতে হবে এবং এই তালিকার ভিত্তিতেই আগামী তিন মাস ক্ষতিগ্রস্ত কৃষকদের নিয়মিত আর্থিক সহায়তা প্রদান করা হবে। বৈঠকে দ্রুততম সময়ের মধ্যে এই অর্থ কৃষকদের হাতে পৌঁছে দেওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়। এ ছাড়াও ভবিষ্যতে প্রাকৃতিক দুর্যোগের কারণে কৃষকরা যাতে বড় ধরণের ক্ষতির মুখে না পড়েন, সেজন্য ধান রোপণ ও সংগ্রহের সময় কিছুটা এগিয়ে আনা বা বৈজ্ঞানিক পদ্ধতিতে মৌসুম সমন্বয়ের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
উল্লেখ্য যে, গত ২৯ এপ্রিল জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষণা করেছিলেন যে, হাওড়াঞ্চলে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত কৃষকদের চিহ্নিত করে সরকারের পক্ষ থেকে তিন মাসব্যাপী বিশেষ সহযোগিতামূলক কর্মসূচি পরিচালনা করা হবে। আজকের এই সভাটি ছিল মূলত সেই ঘোষণার বাস্তবায়ন প্রক্রিয়া ত্বরান্বিত করার একটি পদক্ষেপ। সভায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদসহ হাওড় অঞ্চলের বেশ কয়েকজন সংসদ সদস্য ও উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।







