সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা পেট্রোলিয়াম শিল্প এলাকায় ইরান থেকে পরিচালিত এক ড্রোন হামলায় বিশাল অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফুজাইরা মিডিয়া অফিসের তথ্য অনুযায়ী, এই ড্রোন হামলার ফলে সংশ্লিষ্ট স্থাপনায় ‘বড় ধরনের আগুন’ লেগেছে। হামলার এই ঘটনার জন্য আমিরাত সরাসরি ইরানকে দায়ী করেছে। এ ছাড়া ড্রোন হামলার সময় ওই স্থাপনায় কর্মরত তিন ভারতীয় নাগরিক আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাদের আঘাত খুব বেশি গুরুতর নয় বলে জানানো হয়েছে।
এর আগে আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছিল যে, ইরান থেকে তাদের লক্ষ্য করে চারটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অত্যন্ত তৎপরতার সাথে তিনটি ক্ষেপণাস্ত্র আকাশেই প্রতিহত করতে সক্ষম হয় এবং অন্য একটি ক্ষেপণাস্ত্র সমুদ্রে গিয়ে পড়ে। প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, দেশের বিভিন্ন স্থানে শোনা যাওয়া বিকট শব্দগুলো মূলত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা প্রতিরোধের শব্দ। এই হামলাগুলোর বিষয়ে ইরান তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য বা দায় স্বীকার করেনি।







