জাতীয় সংসদ অধিবেশনে উপস্থিত আহত জুলাই যোদ্ধাদের সঙ্গে সময় কাটিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার বিকেলে সংসদ অধিবেশনের বিরতির সময় তিনি ভিআইপি গ্যালারিতে গিয়ে তাদের খোঁজখবর নেন। মন দিয়ে শোনেন জুলাইয়ে তাদের ওপর ঘটে যাওয়া লোমহর্ষক ঘটনা। কারো কাঁধে, মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দেন তাদের।
সংসদ সচিবালয় জানিয়েছে, আজ সংসদ অধিবেশন দেখতে আসেন আগত ৫৩ জন জুলাই যোদ্ধা। বিরতির আগে চিফ হুইপ নুরুল ইসলাম মনি ফ্লোর নিয়ে এমপিদের উদ্দেশে বলেন, “আজ আমাদের সংসদ অধিবেশনে উপস্থিত হয়েছেন আহত জুলাই যোদ্ধারা। আমরা জানি জুলাইয়ে তাদের কি ভূমিকা ছিল। তাদের এখানে আসার জন্য আন্তরিক অভিনন্দন ও সাধুবাদ জানাই।”
এমপিদের স্বাগত ও স্পিকারের গ্যালারি: চিফ হুইপের বক্তব্যের পর সরকারি ও বিরোধীদলীয় এমপিরা টেবিল চাপড়ে আহত জুলাই যোদ্ধাদের স্বাগত জানান। স্পিকার হাফিজউদ্দিন আহমেদের বাম পাশে থাকা ভিআইপি গ্যালারিতে উপস্থিত আহত জুলাই যোদ্ধারা দাঁড়িয়ে হাত নাড়তে থাকেন।
প্রধানমন্ত্রীর সাক্ষাৎ ও আবেগঘন পরিবেশ: কিছুক্ষণ পরেই নিরাপত্তারক্ষীরা গ্যালারিতে এসে জানান, কিছুক্ষণের মধ্যেই প্রধানমন্ত্রী আপনাদের সঙ্গে দেখা করতে আসবেন। এতে উচ্ছ্বসিত হতে দেখা যায় তাদের। ঘোষণার ৫ মিনিট পরই প্রধানমন্ত্রী তাদের গ্যালারিতে আসেন। এরপর একে একে সবার সঙ্গে কুশল বিনিময় করেন। কয়েকজন নারী জুলাই যোদ্ধা কান্নাজড়িত কণ্ঠে তাদের দুর্দশার কথা বর্ণনা করেন। এসময় পুরো গ্যালারি জুড়ে আবেগঘন পরিবেশ তৈরি হয়। গ্যালারিতে আইনমন্ত্রীসহ কয়েকজন হুইপ উপস্থিত ছিলেন।







