মহান স্বাধীনতা ও জাতীয় দিবস (২৬ মার্চ) উপলক্ষে দেশ-বিদেশে অবস্থানরত সকল বাংলাদেশিকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (২৫ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক বাণীতে তিনি বীর শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং একটি সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আহ্বান জানান।
প্রধানমন্ত্রী তারেক রহমান তার বাণীতে ২৬ মার্চকে জাতীয় জীবনের এক গৌরবময় ও ঐতিহাসিক দিন হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, “মহান স্বাধীনতা দিবস আমাদের জীবনে সাহস, আত্মত্যাগ ও দেশপ্রেমের চেতনাকে নতুনভাবে উজ্জীবিত করে।” এই দিনে তিনি মহান মুক্তিযুদ্ধের বীর শহিদ, মুক্তিযোদ্ধা এবং নির্যাতিত মা-বোনদের অবদানের কথা গভীর কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন।
বৈষম্যহীন ও গণতান্ত্রিক বাংলাদেশের অঙ্গীকার:
প্রধানমন্ত্রী তার বক্তব্যে স্বাধীনতার মূল লক্ষ্যের কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, “একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠা করাই ছিল আমাদের স্বাধীনতার মূল লক্ষ্য। সেই লক্ষ্য অর্জনে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং দেশকে সামনের দিকে এগিয়ে নিতে হবে।”
জাতীয় ঐক্য ও দেশপ্রেমের আহ্বান:
দেশের অগ্রগতি ও উন্নয়নের ধারাকে বেগবান করতে তিনি জাতীয় ঐক্য এবং পারস্পরিক সহনশীলতার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, “দেশপ্রেমের চেতনাকে হৃদয়ে ধারণ করে নিজ নিজ অবস্থান থেকে দেশের কল্যাণে আত্মনিয়োগ করতে হবে। একটি উন্নত ও মর্যাদাশীল বাংলাদেশ গড়তে সম্মিলিত প্রচেষ্টার কোনো বিকল্প নেই।”
সবশেষে, তিনি স্বাধীনতা দিবস উপলক্ষে গৃহীত সকল কর্মসূচির সার্বিক সফলতা কামনা করেন এবং শহিদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।







