বাংলাদেশের সাধারণ নাগরিকদের আন্তর্জাতিক ভ্রমণ নথি বা ই-পাসপোর্টে এক ঐতিহাসিক ও যুগান্তকারী পরিবর্তন আনা হচ্ছে। ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের মহান বীর ও অমর শহীদ আবু সাঈদ, মীর মাহফুজুর রহমান মুগ্ধ এবং মোহাম্মদ ওয়াসিমের ছবি জলছাপ (Watermark) হিসেবে যুক্ত করার আনুষ্ঠানিক সিদ্ধান্ত নিয়েছে সরকার।
আজ রোববার (১৯ জুলাই ২০২৬) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক বিশেষ গেজেট বা প্রজ্ঞাপনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
৩২ ও ৩৩ নম্বর পৃষ্ঠায় জুলাই বিপ্লবের স্মৃতি
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশি ই-পাসপোর্টের ভেতরের পাতার বিদ্যমান জলছাপ ও নকশায় আমূল পরিবর্তন আনা হচ্ছে। নতুন এই পরিবর্তনের অংশ হিসেবে পাসপোর্টের পৃষ্ঠাগুলোতে দেশের সমৃদ্ধ ঐতিহ্য, প্রাকৃতিক সৌন্দর্য এবং গৌরবময় ইতিহাসের নানা অনুষঙ্গ নান্দনিকভাবে ফুটিয়ে তোলা হয়েছে।
নকশার সবচেয়ে উল্লেখযোগ্য ও আবেগঘন বিষয় হলো— ই-পাসপোর্টের ৩২ এবং ৩৩ নম্বর পৃষ্ঠায় জলছাপ হিসেবে স্থায়ীভাবে যুক্ত হচ্ছে ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের অবিনশ্বর স্মৃতি। আবু সাঈদ, মুগ্ধ কিংবা ওয়াসিমদের মতো অকুতোভয় তরুণদের আত্মত্যাগের সেই ঐতিহাসিক মুহূর্তটি এবার ঠাঁই পাচ্ছে বাংলাদেশের নাগরিকদের আন্তর্জাতিক এই পরিচয়পত্রে।
ঐতিহাসিক স্থাপনা ও প্রাকৃতিক ঐতিহ্যের নতুন নকশা
অনুমোদিত নতুন সরকারি নকশা অনুযায়ী, পাসপোর্টের বিভিন্ন পৃষ্ঠার ব্যাকগ্রাউন্ড ও জলছাপে দেশের প্রধান প্রধান জাতীয় প্রতীক, ঐতিহাসিক স্থাপনা এবং প্রাকৃতিক সৌন্দর্যের ছবি স্থান পেয়েছে:
-
জাতীয় ও ঐতিহাসিক স্থাপনা: জাতীয় স্মৃতিসৌধ, কেন্দ্রীয় শহীদ মিনার, জাতীয় সংসদ ভবন এবং সুপ্রিম কোর্ট ভবনের পাশাপাশি ই-পাসপোর্টে যুক্ত হচ্ছে দিনাজপুরের কান্তজিউ মন্দির, ঢাকার লালবাগ দুর্গ, নারায়ণগঞ্জের প্রাচীন পানামনগর ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের ছবি।
-
প্রাকৃতিক ঐতিহ্য: ঝাউবনসহ পৃথিবীর দীর্ঘতম কক্সবাজার সমুদ্রসৈকত, ইউনেস্কো ঘোষিত সুন্দরবন, সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর এবং বান্দরবানের মেঘঘেরা নীলগিরির নয়নকাড়া প্রাকৃতিক দৃশ্য।
-
জাতীয় অনুষঙ্গ ও শিল্পকর্ম: জাতীয় ফুল শাপলা, জাতীয় পাখি দোয়েল, জাতীয় মাছ ইলিশ ও জাতীয় ফল কাঁঠালের পাশাপাশি বিশেষ গুরুত্বের সাথে স্থান পেয়েছে শিল্পাচার্য জয়নুল আবেদিনের বিশ্বখ্যাত কালজয়ী চিত্রকর্ম ‘সংগ্রাম’।
বহাল থাকছে ‘এক্সেপ্ট ইসরাইল’ ঘোষণা
প্রজ্ঞাপনে বিশেষভাবে স্পষ্ট করা হয়েছে যে, পাসপোর্টের ডাটা পেজে (Data Page) আগের মতোই ‘দিস পাসপোর্ট ইজ ভ্যালিড ফর অল কান্ট্রিজ অব দ্য ওয়ার্ল্ড এক্সেপ্ট ইসরাইল’ (ইসরাইল ব্যতীত বিশ্বের সব দেশের জন্য এটি বৈধ) ঘোষণাটি সম্পূর্ণ বহাল থাকছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই ঐতিহাসিক ও নতুন নকশার পাসপোর্ট মুদ্রণ এবং দ্রুত বাস্তবায়নের জন্য বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরকে (ডিআইপি) জরুরি ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার চূড়ান্ত নির্দেশনা প্রদান করেছে।







