কথা বললেই পুলিশ ধরে নিয়ে যাবে এমন সংস্কৃতি আর চলবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, “মানুষ যদি কোনো সমস্যায় পড়েন, তাহলে তারা যেন তাদের সমস্যার কথা নিঃসংকোচে বলতে পারে, এমন পরিবেশ নিশ্চিত করতে হবে।”
শনিবার (২ মে) সন্ধ্যায় সিলেট শিল্পকলা একাডেমিতে দলীয় নেতাকর্মীদের সাথে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মানুষের বাকস্বাধীনতার ওপর গুরুত্বারোপ করে তারেক রহমান বলেন, “একটা কথা বললো, আর পুলিশ এসে ধরে নিয়ে গেলো। ‘নো’- মানুষ এটা চায় না। কেউ যদি কোনো অপরাধ করে, তবে আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সেটা ভিন্ন ব্যাপার।”
সিলেটে তাঁর সফরের সময় রাস্তায় জনতার ঢল নামার প্রসঙ্গ টেনে তিনি বলেন, “আজকে এই রাস্তায় এতো মানুষ ভিড় করলো, তারা তো সবাই বিএনপি করে না। তবু কেন রাস্তায় নেমে এলো? কারণ মানুষ মনে করে, বিএনপি এখনো সঠিক পথে আছে। তাই মানুষ রাস্তায় নেমে তার সমর্থন জানিয়েছে।” তবে এই জনসমর্থন ধরে রাখার জন্য নেতাকর্মীদের কঠোর পরিশ্রম করার এবং ‘ছাড়’ দেওয়ার মানসিকতা রাখার আহ্বান জানান তিনি।
নিজ দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে কঠোর বার্তা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, “আপনি ক্ষমতাসীন দলের কর্মী, এই জিনিসটা মাথায় আনা যাবে না। এটি মাথায় আনলেই বরবাদ হয়ে যাবে। নেতাকর্মীদের আচরণে জনগণ যাতে অসন্তুষ্ট না হয়, সেদিকে সবার আগে খেয়াল রাখতে হবে।” তিনি সবাইকে কঠোরভাবে দলীয় শৃঙ্খলা মেনে চলার নির্দেশ দেন।
আগামী স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তারেক রহমান বলেন, “সে নির্বাচনে সব জায়গায় দলের পক্ষ থেকে একজন ক্যান্ডিডেট দিতে হবে। তার আগে সংগঠনকে তৃণমূল পর্যায়ে শক্তিশালী করতে হবে।”
সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় সিলেট জেলা ও মহানগরের শীর্ষ নেতৃবৃন্দ ছাড়াও মন্ত্রিসভার সদস্য, প্রধানমন্ত্রীর উপদেষ্টা এবং স্থানীয় সংসদ সদস্যগণ উপস্থিত ছিলেন।







