ইরানের পক্ষ থেকে পাকিস্তানের মধ্যস্থতায় পাঠানো সাম্প্রতিক শান্তি প্রস্তাবটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি প্রত্যাখ্যান করেছেন. হোয়াইট হাউসে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এই প্রস্তাবের বিষয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করে জানান যে, বর্তমান পরিস্থিতিতে কোনো চুক্তিতে পৌঁছানো তার পক্ষে সম্ভব নয়. ট্রাম্পের মতে, ইরান চুক্তিতে আগ্রহী হলেও তাদের দেওয়া প্রস্তাবগুলো সন্তোষজনক নয় এবং দেশটির নেতাদের মধ্যে অভ্যন্তরীণ চরম মতবিরোধ থাকায় তাদের চুক্তিতে পৌঁছানোর যোগ্যতা নিয়েও তিনি সন্দেহ প্রকাশ করেছেন.
সংকট সমাধানে প্রেসিডেন্ট ট্রাম্প অত্যন্ত কঠোর এবং আক্রমণাত্মক অবস্থান নিয়েছেন. তিনি স্পষ্ট করে দিয়েছেন যে তার সামনে এখন মাত্র দুটি পথ খোলা আছে— হয় একটি ফলপ্রসূ চুক্তিতে আসা, না হয় দেশটিকে চিরতরে ধ্বংস করে দেওয়া. ফ্লোরিডার এক অনুষ্ঠানে তিনি পুনরায় তার এই অনড় অবস্থানের কথা জানিয়ে বলেন যে, বিষয়টি দীর্ঘ সময় ধরে ঝুলে আছে এবং কোনো চুক্তি না হওয়াই হয়তো তাদের জন্য ভালো হবে. এদিকে ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক অভিযান শুরু করার ব্যাপারে হোয়াইট হাউসের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক মন্তব্য বা স্পষ্ট ব্যাখ্যা পাওয়া যায়নি।







