পঞ্চগড়ের দেবীগঞ্জে জ্বালানি তেল সরবরাহ কার্যক্রম চলাকালীন মোবাইল কোর্ট পরিচালনা করতে গিয়ে হামলার শিকার হয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সবুজ কুমার বসাক। এসময় চালকদের হামলায় ইউএনও’র নিরাপত্তার দায়িত্বে থাকা এক আনসার সদস্য আহত হয়েছেন এবং তার সরকারি অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) দুপুরে উপজেলার ভাউলাগঞ্জ এলাকার মেসার্স জান্নাতুন মাওয়া ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকাল থেকে ওই ফিলিং স্টেশনে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে চালকরা পেট্রোল ও অকটেন সংগ্রহ করছিলেন। দুপুর সাড়ে ১২টার দিকে ইউএনও সবুজ কুমার বসাক সেখানে পরিদর্শনে যান। তিনি লাইনে থাকা চালকদের মোটরসাইকেলের নিবন্ধন ও ড্রাইভিং লাইসেন্স যাচাই শুরু করেন। এসময় বৈধ কাগজপত্র না থাকায় দুই চালককে ৫০০ টাকা করে জরিমানা করলে লাইনে থাকা অন্য চালকরা হট্টগোল শুরু করেন।
হামলার বিবরণ:
প্রত্যক্ষদর্শীরা জানান, জরিমানা করার পরপরই উত্তেজিত ৩০-৪০ জন চালক ইউএনও’র দিকে তেড়ে আসেন। এর কিছুক্ষণ পরই শতাধিক লোকের একটি মিছিল হঠাৎ পাম্পে ঢুকে ইউএনও ও তাঁর সঙ্গীদের ওপর হামলা চালায়। হামলাকারীরা ইউএনও’র দেহরক্ষী আনসার সদস্য তৈয়বুর রহমানকে মারধর করে তাঁর হাতের রাইফেলটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। পরিস্থিতি বেগতিক দেখে স্থানীয়দের সহায়তায় ইউএনও পাশের একটি বাড়িতে আশ্রয় নেন।
বর্তমান পরিস্থিতি:
খবর পেয়ে দেবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ইউএনও’কে উদ্ধার করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত আনসার সদস্য তৈয়বুর রহমানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনার পর ইউএনও’র নির্দেশে ওই ফিলিং স্টেশনে তেল সরবরাহ সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।
দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালেক জানান, পুলিশ হামলাকারীদের শনাক্ত করার চেষ্টা করছে এবং সরকারি কাজে বাধা ও হামলার ঘটনায় দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।







