‘সবার আগে বাংলাদেশ’ পররাষ্ট্রনীতিতে পথ চলবে দেশ; ১৮০ দিনের বিশেষ কর্মপরিকল্পনা ঘোষণা প্রধানমন্ত্রীর

জাতীয় সংসদ অধিবেশনে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান বাংলাদেশের নতুন পররাষ্ট্রনীতির মূল দর্শন এবং সরকারের আগামী পাঁচ বছরের রূপরেখা তুলে ধরেছেন। ‘সবার আগে বাংলাদেশ’—এই নীতিকে সামনে রেখে জনগণের কল্যাণ ও জাতীয় নিরাপত্তাকেই সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে বলে তিনি সংসদকে জানিয়েছেন।

বুধবার (২২ এপ্রিল) সংসদ সদস্য মো. আবুল কালামের এক লিখিত প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান জানান, একটি উন্নত ও মর্যাদাপূর্ণ রাষ্ট্র গঠনের লক্ষ্যে প্রতিটি মন্ত্রণালয় ও বিভাগ ইতোমধ্যে আগামী ১৮০ দিন, ২০২৬-২৭ অর্থবছর এবং ৫ বছরের পৃথক কর্মপরিকল্পনা গ্রহণ করেছে। তিনি জোর দিয়ে বলেন, সমতা, ন্যায্যতা এবং পারস্পরিক সম্মানের ভিত্তিতে বিশ্বদরবারে বাংলাদেশকে একটি আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করাই বর্তমান সরকারের প্রধান লক্ষ্য।

নির্বাচনী ইশতেহার ও সুশাসন:

প্রধানমন্ত্রী বলেন, বিএনপির নির্বাচনী ইশতেহার অনুযায়ী গণতন্ত্র, সুশাসন ও মানবাধিকার প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর। প্রশাসনিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি দুর্নীতি দমন এবং বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির কাজ শুরু হয়েছে। এছাড়াও শিক্ষা, স্বাস্থ্য ও কৃষি খাতে বৈষম্যহীন সমাজ গড়ার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

উল্লেখযোগ্য উন্নয়ন উদ্যোগসমূহ:

সরকারের গৃহীত কিছু মেগা প্রকল্পের তথ্য তুলে ধরে প্রধানমন্ত্রী সংসদকে জানান:

  • জলাশয় সংস্কার: আগামী ৫ বছরে ২০ হাজার কিলোমিটার খাল ও নদী খনন/পুনঃখনন করা হবে।

  • সামাজিক সুরক্ষা: প্রান্তিক জনগোষ্ঠীর জন্য ‘ফ্যামিলি কার্ড’, কৃষকদের জন্য ‘কৃষক কার্ড’ এবং ক্রীড়াবিদদের জন্য বিশেষ ভাতার ব্যবস্থা করা হয়েছে।

  • ধর্মীয় কল্যাণ: মসজিদ, মন্দির, গির্জা ও প্যাগোডায় কর্মরতদের জন্য সম্মানী ও উৎসব ভাতার ব্যবস্থা।

  • পরিবেশ রক্ষা: ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি।

  • কৃষি ঋণ: ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ মওকুফ।

  • শিক্ষা ও স্বাস্থ্য: ২ লক্ষ শিশুকে বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণ এবং ‘ই-হেলথ কার্ড’-এর মাধ্যমে আধুনিক চিকিৎসা সেবা নিশ্চিতকরণ।

  • কর্মসংস্থান: সরকারি খাতে ৫ লক্ষ নতুন কর্মচারী নিয়োগের প্রক্রিয়া চলমান।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top