মার্কিন উদ্ধার অভিযান নস্যাতের দাবি ইরানের; ট্রাম্পের ৪৮ ঘণ্টার আল্টিমেটাম: “ইরানে নরক নেমে আসবে”

ইরানের আকাশসীমায় বিধ্বস্ত মার্কিন যুদ্ধবিমানের পাইলটকে উদ্ধারের একটি গোপন মার্কিন অভিযান ব্যর্থ করে দেওয়ার দাবি করেছে তেহরান। এই ঘটনার পরপরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে চরম হুঁশিয়ারি দিয়ে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন। খবর আল-জাজিরা ও ট্রুথ সোশ্যাল

ইরানের সামরিক বাহিনীর কেন্দ্রীয় কমান্ড ‘খাতাম আল-আনবিয়া’র মুখপাত্র ইব্রাহিম জোলফাগারি রবিবার এক বিবৃতিতে জানান, দক্ষিণ ইসফাহান প্রদেশের একটি পরিত্যক্ত বিমানবন্দর ব্যবহার করে মার্কিন বাহিনী এক ‘ছলনামূলক’ উদ্ধার অভিযান চালানোর চেষ্টা করেছিল। ইরান দাবি করেছে, তারা এই অভিযান পুরোপুরি নস্যাৎ করে দিয়েছে এবং এতে অংশ নেওয়া যুক্তরাষ্ট্রের দুটি সি-১৩০ (C-130) পরিবহন বিমান ও দুটি ব্ল্যাক হক (Black Hawk) হেলিকপ্টার ধ্বংস করা হয়েছে।

ট্রাম্পের ‘নরক’ নামানোর হুমকি: এই ঘটনার পরিপ্রেক্ষিতে মধ্যপ্রাচ্যে উত্তেজনা এখন তুঙ্গে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে ইরানকে উদ্দেশ্য করে সরাসরি যুদ্ধের হুঁশিয়ারি দিয়েছেন। তিনি লিখেছেন, “মনে আছে, আমি ইরানকে একটি চুক্তিতে পৌঁছাতে অথবা হরমুজ প্রণালি খুলে দেওয়ার জন্য ১০ দিনের সময় দিয়েছিলাম? সময় শেষ হয়ে আসছে। এখন হাতে আছে মাত্র ৪৮ ঘণ্টা, এরপরই তাদের ওপর চরম ধ্বংসযজ্ঞ নেমে আসবে।”

ট্রাম্প আরও জানান, আগামী মঙ্গলবার হবে ইরানিদের জন্য ‘পাওয়ার প্ল্যান্ট ডে’ এবং ‘ব্রিজ ডে’। তিনি স্পষ্ট করে বলেছেন, নির্দিষ্ট সময়ের মধ্যে হরমুজ প্রণালি খুলে না দিলে ইরানে ‘নরক নেমে আসবে’ এবং ভয়াবহ সামরিক পদক্ষেপ নেওয়া হবে।

উত্তপ্ত মধ্যপ্রাচ্য:

বিশ্লেষকদের মতে, মার্কিন বিমান ধ্বংসের ইরানি দাবি এবং ট্রাম্পের পাল্টা ৪৮ ঘণ্টার আল্টিমেটাম পুরো অঞ্চলকে একটি বড় ধরনের যুদ্ধের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। একদিকে ইরান তাদের আকাশসীমা রক্ষায় কঠোর অবস্থানের কথা জানাচ্ছে, অন্যদিকে যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালি সচল করতে সামরিক শক্তি প্রয়োগের চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top