হরমুজ প্রণালি খুলে দেওয়ার জন্য ইরানকে ৪৮ ঘণ্টার চূড়ান্ত আলটিমেটাম দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে তিনি এই হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। খবর আল-জাজিরার।
ট্রাম্প তার পোস্টে লিখেছেন, “মনে আছে, আমি ইরানকে একটি চুক্তিতে পৌঁছাতে অথবা হরমুজ প্রণালি খুলে দেওয়ার জন্য ১০ দিনের সময় দিয়েছিলাম? সময় শেষ হয়ে আসছে। এখন হাতে আছে মাত্র ৪৮ ঘণ্টা, এরপরই তাদের ওপর চরম ধ্বংসযজ্ঞ নেমে আসবে।”
তেল আবিবে ইরানি ক্ষেপণাস্ত্র হামলা:
এদিকে, উত্তেজনার পারদ আরও চড়িয়ে আজ শনিবার সকালে ইসরায়েলের তেল আবিবে কিরিয়া সামরিক ঘাঁটির কাছে ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের দুটি ‘ক্লাস্টার ওয়ারহেড’ আঘাত হেনেছে। ইসরায়েলি সামরিক বাহিনীর সদর দপ্তর হিসেবে ব্যবহৃত এই ঘাঁটির পাশের একটি পার্কিং লট এবং নিকটবর্তী একটি স্কুল হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। টাইমস অব ইসরায়েল ও জেরুজালেম পোস্টের তথ্যমতে, এই ঘটনায় ৫০ বছর বয়সী এক ব্যক্তি সামান্য আহত হয়েছেন এবং বেশ কয়েকটি গাড়ি ধ্বংস হয়ে গেছে।
হরমুজ দিয়ে ‘জরুরি পণ্য’ চলাচলের অনুমতি:
এই বৈশ্বিক সংকটের মধ্যে ইরান জানিয়েছে, তারা ‘জরুরি পণ্য’ বহনকারী জাহাজগুলোকে হরমুজ প্রণালি দিয়ে চলাচলের অনুমতি দেবে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, বিশ্বব্যাপী জাহাজ চলাচল ব্যাহত হওয়ার প্রেক্ষাপটে তেহরান এই গুরুত্বপূর্ণ জলপথটি জরুরি পণ্যবাহী জাহাজের জন্য উন্মুক্ত রাখার সিদ্ধান্ত নিয়েছে। তবে ইরান আগেই স্পষ্ট করে দিয়েছে যে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের স্বার্থসংশ্লিষ্ট এবং তাদের মিত্রদের জাহাজ ছাড়া অন্যদের যাতায়াতের অনুমতি থাকবে।







