গাজা উপত্যকায় দীর্ঘ প্রায় দুই বছর বন্ধ থাকার পর রাফাহ সীমান্ত পুনরায় খুললেও অসুস্থ ফিলিস্তিনিদের উন্নত চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার পথ এখনো ইসরায়েলি কড়াকড়িতে অবরুদ্ধ। প্রায় ১৩৫ জন গুরুতর অসুস্থ রোগী রাফাহ সীমান্তে অপেক্ষায় থাকলেও ইসরায়েল মাত্র ৫ জনকে মিশরে প্রবেশের অনুমতি দিয়েছে। এদিকে, গাজায় ইসরায়েলি বাহিনীর নিরবচ্ছিন্ন হামলায় নিহতের সংখ্যা ৭১ হাজার ৮০০ ছাড়িয়ে গেছে।
দীর্ঘ প্রায় দুই বছর পর সোমবার প্রথমবারের মতো রাফাহ সীমান্ত খুলে দেওয়া হয়। তবে ১৩৫ জন মুমূর্ষু রোগীর মধ্যে ইসরায়েল মাত্র ৫ জনকে যাওয়ার অনুমতি দেওয়ায় গভীর অনিশ্চয়তা তৈরি হয়েছে। দক্ষিণ খান ইউনিসে ১৯ বছর বয়সী এক ফিলিস্তিনি তরুণকে হত্যার খবর পাওয়া গেছে, যা চলমান সংঘাতের ভয়াবহতা আরও বাড়িয়ে দিয়েছে।
জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস রাফাহ সীমান্ত দিয়ে দ্রুত ও নির্বিঘ্ন মানবিক সহায়তা পাঠানোর জোরালো আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, এনজিওগুলোর কার্যক্রমে বাধা দেওয়া মানবিক নীতির পরিপন্থী।
অন্যদিকে, হিউম্যান রাইটস ওয়াচ (HRW)-এর ইসরায়েল-ফিলিস্তিন বিষয়ক পরিচালক ওমর শাকির পদত্যাগ করেছেন। তাঁর অভিযোগ, ইসরায়েলের “মানবতাবিরোধী অপরাধ” সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ রিপোর্ট সংস্থাটির নতুন প্রধান প্রকাশ করতে বাধা দিয়েছেন। শাকির এই পরিস্থিতিকে “নাকবা ২.০” হিসেবে অভিহিত করেছেন।
সূত্র- আলজাজিরা







