সন্দ্বীপ, চট্টগ্রাম: ওমানে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার সারিকাইত ইউনিয়নের ৬ জন এবং পৌরসভার ৩নং ওয়ার্ডের ১ জনসহ মোট ৭ জন প্রবাসী নিহত হওয়ার ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান ভূঁইয়া মিল্টন। তাঁর পক্ষ থেকে দলীয় নেতৃবৃন্দ নিহতদের শোকাহত পরিবারের প্রতি আর্থিক সহায়তা নিয়ে তাদের বাড়িতে উপস্থিত হন।
নিহতদের পরিবারকে মিল্টনের আর্থিক সহায়তা
বৃহস্পতিবার (৯ অক্টোবর) নিহত প্রবাসীদের বাড়িতে উপস্থিত প্রতিনিধিদলে ছিলেন সন্দ্বীপ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহরিয়ার সজীব, সন্দ্বীপ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য কামরুল হাসান, সন্দ্বীপ উপজেলা মহিলা দলের সভানেত্রী কুলসুমা বেগম খেলনা মেম্বার এবং আরও কয়েকজন স্থানীয় দলীয় নেতা।
এই প্রতিনিধিদল নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের শোকের অংশীদার হন। তারা মিজানুর রহমান ভূঁইয়া মিল্টনের পক্ষ থেকে গভীর সমবেদনা জানানোর পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর অংশ হিসেবে আর্থিক সহায়তা হস্তান্তর করেন। এই কঠিন সময়ে দলীয় নেতার পক্ষ থেকে পাওয়া এই সহায়তা শোকসন্তপ্ত পরিবারগুলোর জন্য কিছুটা হলেও স্বস্তি এনে দেবে বলে আশা করা হচ্ছে।







