নেপালে বিক্ষোভের মুখে প্রধানমন্ত্রীর পদত্যাগ, জেনজি চাইছে বালেন্দ্রকে
 

 

নেপালে বিক্ষোভের মুখে প্রধানমন্ত্রীর পদত্যাগ, বালেন্দ্র শাহকে চাইছে জেন-জির তরুণরা

বিক্ষোভের মুখে নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি পদত্যাগ করার পর দেশটিতে নতুন নেতৃত্বের খোঁজ চলছে। রাজধানী কাঠমান্ডুসহ বিভিন্ন শহরে তরুণ প্রজন্মের নেতৃত্বাধীন আন্দোলনে নতুন প্রধানমন্ত্রী হিসেবে কাঠমান্ডুর মেয়র বালেন্দ্র শাহকে দায়িত্ব দেওয়ার দাবি জোরালো হচ্ছে।

আজ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) অলির পদত্যাগের পর সামাজিক যোগাযোগমাধ্যমে জেন-জি প্রজন্মের তরুণ বিক্ষোভকারীরা বালেন্দ্র শাহের প্রতি সমর্থন জানিয়ে পোস্ট করতে থাকেন।

গত সপ্তাহে নেপাল সরকার ফেসবুক, ইউটিউবসহ ২৬টি সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধ করে দেওয়ার ঘোষণা দিলে এর প্রতিবাদে বিক্ষোভ শুরু হয়। তবে সোমবার আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে শুধু কাঠমান্ডুতেই অন্তত ১৮ জনসহ ১৯ জন নিহত হন। নিহতদের মধ্যে অনেকে স্কুল ও কলেজ শিক্ষার্থী ছিলেন।

বিক্ষোভ শুরুর পর থেকেই আন্দোলনকারীদের প্রতি সমর্থন জানিয়েছেন বালেন্দ্র শাহ। তবে যেহেতু বিক্ষোভকারীরা আন্দোলনে অংশগ্রহণের বয়সসীমা ২৮ বছরে সীমিত করেন, তাই তিনি সরাসরি আন্দোলনে যোগ দিতে পারেননি। তবুও এক সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টে তিনি লেখেন—
“এটি তরুণ প্রজন্মের স্বতঃস্ফূর্ত আন্দোলন। তাদের আশা-আকাঙ্ক্ষা, লক্ষ্য ও চিন্তাভাবনা বোঝার চেষ্টা করব। রাজনৈতিক দল ও নেতাদের উচিত হবে না এই আন্দোলনকে নিজেদের স্বার্থে ব্যবহার করা।”

উল্লেখ্য, বালেন্দ্র শাহ (জনপ্রিয় নাম বালেন) নেপালের রাজধানী কাঠমান্ডুর বর্তমান মেয়র। ১৯৯০ সালে জন্ম নেওয়া বালেন্দ্র সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করেন এবং ভারতের বিশ্বেশ্বরায়া টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি থেকে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top