আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বানচালের আশঙ্কায় দেশে বিশৃঙ্খলার আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ। তিনি সবাইকে ঐক্যবদ্ধভাবে এসব কর্মকাণ্ড প্রতিহত করার আহ্বান জানিয়েছেন।
আজ শুক্রবার (৮ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে ‘অগ্নি সোশাল ফাউন্ডেশন’ এবং ‘আমাদের নতুন বাংলাদেশ’-এর যৌথ উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এই আশঙ্কার কথা জানান।
‘নির্বাচনের আগে অনেক গণ্ডগোল হবে’
মেজর হাফিজ সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, “নির্বাচনের আগে কিন্তু দেশে অনেক গণ্ডগোল হবে। ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনা দেশকে লণ্ডভণ্ড করতে এবং নির্বাচন বানচাল করার জন্য অনেক সহিংস ঘটনার অবতারণা করবেন।” তিনি বলেন, “আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। আমরা দলমত নির্বিশেষে দেশবাসী সবাই মিলে ঐক্যবদ্ধভাবে এই মাফিয়াদের নাশকতামূলক কর্মকাণ্ডকে প্রতিহত করব—আজকের দিনে এই হোক অঙ্গীকার।”
গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা
বিএনপির এই নেতা বলেন, “এবারের নির্বাচন হবে গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করার জন্য, অর্থনৈতিক মুক্তি অর্জন করার জন্য, এই হাসিনা মার্কা-আওয়ামী লীগ মার্কা দুঃশাসনকে চিরতরে নির্বাসনে দেবার জন্য।”
সরকারের উদ্দেশে তিনি বলেন, “আপনারা এমন একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করেন, যা নিয়ে দেশবাসী গর্ব করতে পারে। বর্তমান নির্বাচন কমিশনের প্রতি আমাদের আস্থা রয়েছে, নিরপেক্ষ ব্যক্তিরা সেখানে রয়েছেন।”
তিনি আরও বলেন, “আমি আশা করব, একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমেই গণরায় প্রতিফলিত হবে। এই নির্বাচনের জন্য দীর্ঘদিন ধরে বাংলাদেশের মানুষ অপেক্ষা করে আছে। অনেক মানুষ জীবন দিয়েছে গণতন্ত্র ফেরানোর জন্য, সুষ্ঠু নির্বাচন পাওয়ার জন্য।”







