গ্রুপের দ্বিতীয় ম্যাচে তিমুর লেস্তের বিপক্ষে ৮-০ গোলের দুর্দান্ত জয় পেয়েছে বাংলাদেশ

এএফসি অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপ বাছাইপর্বের গ্রুপের দ্বিতীয় ম্যাচে দুর্দান্ত জয় পেয়েছে বাংলাদেশ। তিমুর লেস্তের বিপক্ষে দুই অর্ধে সমান চারটি করে গোল করে ৮-০ ব্যবধানে জয় পায় পিটার বাটলারের শিষ্যরা। ম্যাচে তৃষ্ণা করেন হ্যাটট্রিক। এই জয়ের ফলে টানা দুই ম্যাচে জয় তুলে নিয়ে গ্রুপের রানার্সআপ হওয়া নিশ্চিত করেছে লাল-সবুজের মেয়েরা।

শুক্রবার ভিয়েনতিয়েনের নিও লাওস স্টেডিয়ামে ম্যাচের শুরুতেই বিপদে পড়েছিল বাংলাদেশ। তবে ৮ মিনিটে প্রতিপক্ষের একটি প্রচেষ্টা গোললাইন থেকে ফিরিয়ে দেন নবীরন। ২০ মিনিটে কর্নার থেকে আসা বলে দ্বিতীয় পোস্টের সামনে থেকে হেডে গোল করে এগিয়ে দেন শিখা সিনহা। ৩৩ মিনিটে শান্তি মার্ডির বাঁ পায়ের কর্নার বাঁক খেয়ে জালে জড়ালে ব্যবধান হয় দ্বিগুণ। তিন মিনিট পর শান্তির কর্নার থেকে নবীরনের জোরালো হেডে আসে তৃতীয় গোল। যোগ করা সময়ে সাগরিকার পাস থেকে তৃষ্ণা প্লেসিং শটে গোল করে প্রথমার্ধ শেষ করেন ৪-০ ব্যবধানে।

দ্বিতীয়ার্ধেও গোলের ধারা অব্যাহত রাখে বাংলাদেশ। শুরুতেই জটলার ভেতর থেকে পাওয়া বল জালে জড়িয়ে নিজের দ্বিতীয় গোল করেন তৃষ্ণা। ৭২ মিনিটে সাগরিকা স্কোরশিটে নাম তোলেন। ৮২ মিনিটে মধ্যমাঠ থেকে বল পেয়ে বক্সে ঢুকে সাগরিকার কাটব্যাক থেকে হ্যাটট্রিক সম্পূর্ণ করেন তৃষ্ণা। যোগ করা সময়ে জটলার মধ্যে থেকে বল পেয়ে ডান পায়ের শটে শেষ গোলটি করেন মুনকি আক্তার।

রবিবার গ্রুপের শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ শক্তিশালী দক্ষিণ কোরিয়া।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top