প্রতীক্ষিত ২০২৫ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল আগামী ১০ জুলাই, বৃহস্পতিবার প্রকাশিত হতে যাচ্ছে। আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার আজ সোমবার (৭ জুলাই) সকালে এই তথ্য কালবেলাকে নিশ্চিত করেছেন।চলতি বছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় মোট ১৪ লাখ ৯০ হাজার ১৪২ জন পরীক্ষার্থী অংশ নিয়েছিল। এর মধ্যে ছাত্র ছিল ৭ লাখ ১ হাজার ৫৩৮ জন এবং ছাত্রী ৭ লাখ ৮৮ হাজার ৬০৪ জন। সারাদেশের ২ হাজার ২৯১টি কেন্দ্রে ১৮ হাজার ৮৪টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই পরীক্ষায় অংশগ্রহণ করে।
অন্যদিকে, মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে ২ লাখ ৯৪ হাজার ৭২৬ জন পরীক্ষার্থী ছিল। এদের মধ্যে ছাত্র ১ লাখ ৫০ হাজার ৮৯৩ জন এবং ছাত্রী ১ লাখ ৪৩ হাজার ৮৩৩ জন। এই বোর্ডের আওতায় ৭২৫টি কেন্দ্রে ৯ হাজার ৬৩টি প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা পরীক্ষায় বসেছিল।
এছাড়াও, কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১ লাখ ৪৩ হাজার ৩১৩ জন। এর মধ্যে ছাত্র ১ লাখ ৮ হাজার ৩৮৫ জন এবং ছাত্রী ৩৪ হাজার ৯২৮ জন।







