বিশ্বজুড়ে ক্রমবর্ধমান সমালোচনার মুখে ইসরায়েল এবার লেবানন-এর সঙ্গে সরাসরি আলোচনায় বসার ঘোষণা দিয়েছে। দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার মন্ত্রিসভাকে দ্রুত এই আলোচনা শুরু করার নির্দেশ দিয়েছেন।
সরকারি বিবৃতিতে নেতানিয়াহু জানান, লেবাননের পক্ষ থেকে বারবার আলোচনার আহ্বান আসার পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, আলোচনার মূল লক্ষ্য হবে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ-র নিরস্ত্রীকরণ এবং দুই দেশের মধ্যে দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠা।
নেতানিয়াহু আরও উল্লেখ করেন, লেবাননের পক্ষ থেকে বৈরুতকে নিরস্ত্রীকরণের বিষয়ে সাম্প্রতিক যে আহ্বান জানানো হয়েছে, সেটিকে ইতিবাচক হিসেবে দেখছে ইসরায়েল। এ প্রেক্ষিতে তিনি আলোচনার মাধ্যমে একটি স্থায়ী সমাধানে পৌঁছানোর আশাবাদ ব্যক্ত করেন।
তবে এ বিষয়ে জোসেফ আউন-এর কার্যালয়ের সঙ্গে যোগাযোগ করা হলে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি। ফলে এই আলোচনা কতটা বাস্তবায়িত হবে এবং দীর্ঘদিনের বৈরিতা কাটিয়ে দুই দেশ সমঝোতায় পৌঁছাতে পারবে কি না—তা নিয়ে আন্তর্জাতিক মহলে আগ্রহ তৈরি হয়েছে।
বিশ্লেষকদের মতে, যদি এই আলোচনা সফল হয়, তবে তা মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতি নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।







