জ্বালানি তেলের বাজার স্থিতিশীল রাখতে এবং কৃত্রিম সংকট রোধে দেশজুড়ে ব্যাপক অভিযান পরিচালনা করেছে সরকার। গত মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত পরিচালিত এই অভিযানে বিপুল পরিমাণ অবৈধ মজুতকৃত তেল উদ্ধারের পাশাপাশি জেল-জরিমানাও করা হয়েছে। খবর বাসস।
জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের তথ্য অনুযায়ী, সারাদেশে মোট ৬ হাজার ২৪২টি সফল অভিযান পরিচালনা করা হয়েছে। এসব অভিযানে অবৈধভাবে মজুত করে রাখা ৪ লাখ ৪৮ হাজার ৪৫৬ লিটার জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ৩ লাখ ৩৩ হাজার ১৫৭ লিটার ডিজেল, ৩৬ হাজার ৪০৫ লিটার অকটেন এবং ৭৮ হাজার ৮৯৪ লিটার পেট্রল রয়েছে।
কঠোর আইনি পদক্ষেপ:
অবৈধ মজুত ও পাচারের অভিযোগে এই সময়ের মধ্যে ২ হাজার ৪৫৬টি মামলা দায়ের করা হয়েছে। অভিযানে ৩১ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে এবং ১ কোটি ২৫ লাখ ৩৯ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে।
অভিযানের লক্ষ্য:
জ্বালানি বিভাগ জানিয়েছে, বাজারে জ্বালানি তেলের কৃত্রিম সংকট তৈরি করে সাধারণ মানুষকে ভোগান্তিতে ফেলার অপচেষ্টা রোধে এই কঠোর অবস্থান নেওয়া হয়েছে। বিশেষ করে ডিজেলের অবৈধ মজুত রোধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে। সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখতে এবং পাচার ঠেকাতে আগামী দিনগুলোতেও এ ধরনের ঝটিকা অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।







