জুলাই গণ-অভ্যুত্থানে আন্দোলনকারীদের ওপর হামলাকারীদের কঠোর হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সোমবার (৩০ মার্চ) জাতীয় সংসদে জয়নুল আবদিন ফারুকসহ কয়েকজন সংসদ সদস্যের সম্পূরক প্রশ্নের জবাবে তিনি স্পষ্ট জানান, অভ্যুত্থানকারীদের ওপর যারা সশস্ত্র হামলা চালিয়েছে, তারা যে বাহিনীর পোশাকই পরিহিত থাকুক না কেন, তারা সবাই অপরাধী এবং তাদের বিরুদ্ধে প্রতিটি মামলার সুষ্ঠু তদন্ত হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সংসদে জানান, জুলাই অভ্যুত্থানে জড়িত ‘জুলাই যোদ্ধাদের’ আইনি ও সাংবিধানিক সুরক্ষা দিতে সরকার ‘জুলাই জাতীয় সনদে’ অঙ্গীকারবদ্ধ। এই লক্ষ্যে অন্তর্বর্তী সরকারের সময় জারি করা অধ্যাদেশটি এখন সংসদে বিল আকারে পাস করার অপেক্ষায় রয়েছে। তিনি আরও বলেন, ফ্যাসিবাদী গোষ্ঠী সোশ্যাল মিডিয়ায় যেসব হত্যাকাণ্ডের বিচার দাবি করছে, তা ভিত্তিহীন। গণ-অভ্যুত্থানের সময় হানাদার বাহিনীর মতো আক্রমণকারীদের বিরুদ্ধে জনতার প্রতিরোধ যুদ্ধক্ষেত্রের পরিস্থিতির মতো ছিল এবং সেখানে জুলাই যোদ্ধাদের সুরক্ষা দেওয়া সরকারের দায়িত্ব।
পুলিশের সংস্কার ও বাজেট:
সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর এক প্রশ্নের জবাবে মন্ত্রী স্বীকার করেন যে, পুলিশের তদন্ত ও রুটিন কাজের জন্য বরাদ্দ অপ্রতুল হওয়ায় ‘ম্যানেজ করে নেওয়ার’ একটি দুর্নীতিগ্রস্ত সংস্কৃতি তৈরি হয়েছে। এই সংস্কৃতি বন্ধ করতে এবং পুলিশ বাহিনীকে স্বচ্ছ ও দায়বদ্ধ করতে আগামী অধিবেশনে যথাযথ বাজেটের প্রস্তাব রাখার কথা জানান তিনি।
রাজনৈতিক মামলা প্রত্যাহার:
মন্ত্রী জানান, ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত রাজনৈতিক উদ্দেশ্যে দায়ের করা ‘গায়েবি’ মামলাগুলো প্রত্যাহারের প্রক্রিয়া শুরু হয়েছে। জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বাধীন কমিটি এসব আবেদন যাচাই-বাছাই করে মন্ত্রণালয়ে পাঠাবে এবং আইনমন্ত্রীর পরামর্শ অনুযায়ী আইনি প্রক্রিয়ায় (সিআরপিসি ৪৯৪ ধারা) তা প্রত্যাহার করা হবে।
মব কালচার বন্ধের ঘোষণা:
সংসদ সদস্য রুমিন ফারহানার প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশে কোনো ধরনের ‘মব কালচার’ আর বরদাস্ত করা হবে না। দাবি আদায়ের নামে মহাসড়ক অবরোধ করার প্রবণতা থেকেও বেরিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, গণতান্ত্রিক পদ্ধতিতে দাবি জানানো যাবে, কিন্তু জনজীবন বিপর্যস্ত করা যাবে না।







