সদ্য বিদায়ী অন্তর্বর্তী সরকারের অন্যতম প্রভাবশালী উপদেষ্টা এবং বর্তমানে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ব্যক্তিগত ব্যাংক হিসাবের যাবতীয় তথ্য তলব করেছে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। সোমবার (২ মার্চ) দেশের সবকটি তফসিলি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে এই সংক্রান্ত নির্দেশনা পাঠানো হয়েছে।
বিএফআইইউ-এর চিঠিতে বলা হয়েছে, আগামী তিন কর্মদিবসের মধ্যে আসিফ মাহমুদের নামে পরিচালিত সব ধরনের ব্যক্তিগত অ্যাকাউন্ট, সঞ্চয়ী হিসাব ও লেনদেনের বিস্তারিত তথ্য বিএফআইইউতে জমা দিতে হবে। যদিও সংশ্লিষ্ট সূত্রগুলো একে ‘নিয়মিত তদারকির’ অংশ বলে দাবি করছে, তবে রাজনৈতিক মহলে বিষয়টি নিয়ে ব্যাপক কৌতূহল ও জল্পনা তৈরি হয়েছে।
উল্লেখ্য আসিফ মাহমুদ ছাত্র গণঅভ্যুত্থানের পর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত সরকারে অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন। পরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে তিনি উপদেষ্টার পদ থেকে সরে দাঁড়ান। যদিও গুঞ্জন ছিল তিনি ঢাকা-১০ আসন থেকে প্রার্থী হবেন, শেষ পর্যন্ত তিনি নির্বাচনে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা না করে দলের মুখপাত্র হিসেবে এনসিপির প্রচার ও সাংগঠনিক কার্যক্রম সামলানোর সিদ্ধান্ত নেন। এই সময়ে তাঁর ব্যাংক হিসাব তলবের বিষয়টি রাজনৈতিকভাবে কোনো গুরুত্ব বহন করে কি না, তা নিয়ে নানা প্রশ্ন উঠছে।







