নারী শিক্ষায় সরকারের বড় পদক্ষেপ: প্রতি উপজেলায় একটি করে মহিলা কলেজ সরকারি করার ঘোষণা প্রধানমন্ত্রীর

নারী শিক্ষার প্রসার এবং সামাজিক সমতা নিশ্চিত করতে দেশের প্রতিটি উপজেলা সদরে একটি করে মহিলা কলেজ সরকারীকরণের উদ্যোগ নিয়েছে সরকার। বুধবার (৮ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান এই পরিকল্পনার কথা জানান।

বুধবার সকাল ১১টায় স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন শুরু হয়। দিনের শুরুতে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত ৩০ মিনিটের প্রশ্নোত্তর পর্বে নওগাঁ-৪ আসনের সংসদ সদস্য ইকরামুল বারী টিপুর এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এই গুরুত্বপূর্ণ তথ্য জানান।

পর্যায়ক্রমে বাস্তবায়ন ও বিশেষ গুরুত্ব:

প্রধানমন্ত্রী বলেন, “নারী শিক্ষার প্রসার, নারীর ক্ষমতায়ন এবং শিক্ষায় সমান সুযোগ নিশ্চিত করতে আমাদের সরকার বদ্ধপরিকর।” তিনি জানান, দেশের সব উপজেলা সদরে একটি করে মহিলা কলেজ সরকারীকরণের বিষয়টি সরকার ইতিবাচকভাবে বিবেচনা করছে। বিশেষ করে বৃহৎ ও গুরুত্বপূর্ণ উপজেলাগুলোতে নারী শিক্ষার প্রসারে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

নওগাঁর মান্দা থানা আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজসহ অন্যান্য উপজেলার উপযুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে সরকারীকরণের বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, বিদ্যমান নীতিমালা এবং প্রয়োজনীয় আর্থিক সংস্থান বিবেচনা করে পর্যায়ক্রমে এই উদ্যোগগুলো বাস্তবায়ন করা হবে।

অধিবেশনে মাইক বিভ্রাট:

উল্লেখ্য, যান্ত্রিক ত্রুটির কারণে এদিন সংসদের কার্যক্রম শুরুতে কিছুটা বিঘ্ন ঘটে। মাইক বিভ্রাটের কারণে নির্ধারিত সময়ের প্রায় আধা ঘণ্টা দেরিতে বেলা ১১টায় অধিবেশন শুরু হয়। স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ জানান, যান্ত্রিক সমস্যার কারণে এদিনের প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর ও মন্ত্রীদের প্রশ্নোত্তর টেবিল উপস্থাপিত হিসেবে গণ্য করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top