অন্তর্বর্তীকালীন সরকারের জারিকৃত অধ্যাদেশগুলোকে স্থায়ী আইনে রূপান্তরের সাংবিধানিক বাধ্যবাধকতা রক্ষায় সংসদ এখন পুরোদমে সক্রিয়। ত্রয়োদশ জাতীয় সংসদের দশম দিনে আজ মঙ্গলবার রেকর্ড ১৪টি অধ্যাদেশ বিল আকারে পাস করা হয়েছে। খবর সংসদ সচিবালয়।
মঙ্গলবার (৭ এপ্রিল) দুই সেশনের অধিবেশনে মোট ১৬টি বিল উত্থাপন করা হয়, যার মধ্যে ১৪টি কণ্ঠভোটে পাস হয়েছে। বাকি দুটি বিল আরও পর্যালোচনার জন্য প্রক্রধীন রয়েছে। সাংবিধানিক সংকট এড়াতে সংসদ যে দ্রুতগতিতে কাজ করছে, আজকের এই বিল পাস তারই প্রমাণ।
সকাল ও বিকালের অধিবেশনে পাস হওয়া উল্লেখযোগ্য বিল:
-
বিচার ও আইন সংস্কার: ইন্টারন্যাশনাল ক্রাইমস (ট্রাইব্যুনালস) (অ্যামেন্ডমেন্ট) বিল, কোড অব ক্রিমিনাল প্রসিডিউর (অ্যামেন্ডমেন্ট) বিল, সিভিল কোর্টস (অ্যামেন্ডমেন্ট) বিল এবং বাণিজ্যিক আদালত আইন, ২০২৬।
-
জ্বালানি ও উন্নয়ন: বিদ্যুৎ ও জ্বালানি দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) (রহিতকরণ) আইন, ২০২৬। এর মাধ্যমে বিতর্কিত বিশেষ আইনটি রহিত করা হলো।
-
স্বাস্থ্য ও শিক্ষা: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয় এবং সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় সংক্রান্ত সংশোধনী বিলগুলো পাস হয়েছে।
-
অন্যান্য: হাওর ও জলাভূমি সংরক্ষণ বিল, রেজিস্ট্রেশন (অ্যামেন্ডমেন্ট) বিল এবং বঙ্গবন্ধু ও শেখ রাসেল পল্লী উন্নয়ন একাডেমি সংক্রান্ত সংশোধনী বিল।
উত্থাপিত ও প্রক্রিয়াধীন বিল:
সকালের অধিবেশনে ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন’ এবং বিকালের অধিবেশনে ‘জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (সংশোধন) আইন’ উত্থাপন করা হয়েছে। এই বিলগুলো প্রয়োজনীয় সংশোধনীর পর পরবর্তী অধিবেশনে পাস হওয়ার কথা রয়েছে।
উল্লেখ্য, ১৩৩টি অধ্যাদেশের বিশাল কর্মযজ্ঞ শেষ করতে সংসদ এখন প্রতিদিন দুই সেশনে (সকাল ১০:৩০ ও বিকাল ৩:৩০) পরিচালিত হচ্ছে।







