ফ্যাসিবাদ আমলে যেসকল গণমাধ্যমকর্মী নির্যাতনের শিকার হয়েছেন, তাদের একটি পূর্ণাঙ্গ তালিকা তৈরি করছে বর্তমান সরকার। শুক্রবার (৩ এপ্রিল) সন্ধ্যায় পাবনার বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বরে বইমেলার উদ্বোধন শেষে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন এই গুরুত্বপূর্ণ তথ্য জানান।
তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, বর্তমান সরকারের বয়স মাত্র দেড় মাস। এই স্বল্প সময়ের মধ্যেই নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী গণমাধ্যমের সর্বোচ্চ দায়িত্বশীল স্বাধীনতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকল অংশীদারদের সঙ্গে আলোচনা শুরু হয়েছে। তিনি স্পষ্ট করে বলেন, “গণমাধ্যমের ওপর নির্যাতন ফ্যাসিবাদের একটি অন্যতম বৈশিষ্ট্য ছিল। আমরা গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে সেই ফ্যাসিবাদকে উৎখাত করেছি।”
বিচারের আওতায় আসবে অপরাধীরা:
তথ্যমন্ত্রী জানান, প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে গণমাধ্যমের অধিকার হরণকারী এবং সাংবাদিকদের ওপর নির্যাতনকারীদের বিচার নিশ্চিত করতে হবে। এই অপরাধগুলো চিহ্নিত করতে সাংবাদিক প্রতিনিধিদের সাথে নিয়ে একটি উচ্চপর্যায়ের তালিকা তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিতিবৃন্দ:
পাবনা জেলা জাসাসের আহ্বায়ক ও প্রধানমন্ত্রীর আলোকচিত্রী খালেদ হোসেন পরাগের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস, পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান এবং সদস্যসচিব অ্যাডভোকেট মাসুদ খন্দকার। অনুষ্ঠানটি পরিচালনা করেন পাবনা বইমেলা উদযাপন পরিষদের সদস্যসচিব ডা. আহমেদ মোস্তফা নোমান।







