সংবিধানের চেয়েও গণভোটের অবস্থান সুপ্রিম (সর্বোচ্চ) উল্লেখ করে অবিলম্বে গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শুক্রবার (৩ এপ্রিল) ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে আয়োজিত দলের এক দায়িত্বশীল সমাবেশে তিনি এই দাবি জানান।
সমাবেশে ক্ষমতাসীন বিএনপির সমালোচনা করে ডা. শফিকুর রহমান বলেন, নির্বাচনের আগে তারা গণভোটের পক্ষে থাকলেও এখন অবস্থান পরিবর্তন করেছে। বিএনপি নেতাদের উদ্দেশে তিনি প্রশ্ন ছুঁড়ে দেন, “বাংলাদেশে প্রথম যখন গণভোট হয়েছিল, তখন কি তা সংবিধানে ছিল? প্রকৃত বিষয় হলো, গণভোট সরাসরি জনগণের রায়, যা সংবিধানের চেয়েও উপরে।”
১১ দলীয় জোটের নতুন আন্দোলন:
বিরোধীদলীয় নেতা অভিযোগ করেন যে, বিএনপি জোট জনগণের দেওয়া প্রতিশ্রুতি লঙ্ঘন করছে। তিনি বলেন, “নির্বাচনের আগের দিন পর্যন্ত আপনারা গণভোট চেয়েছিলেন, কিন্তু দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর এখন তা অস্বীকার করছেন। জনগণের রায়কে অস্বীকার করাই ফ্যাসিবাদের সূচনা।” তিনি আরও ঘোষণা করেন যে, জনগণের অধিকার আদায়ের লক্ষ্যে ১১ দলীয় জোটের লড়াই অব্যাহত থাকবে এবং আগামীকাল শনিবার ঢাকায় তাদের আন্দোলনের প্রথম কর্মসূচি পালিত হবে।
‘জান্নাতের টিকিট’ নিয়ে কটাক্ষ:
সমাবেশে জামায়াত আমির বর্তমান রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতির দিকে ইঙ্গিত করে কিছুটা উপহাসের সুরে বলেন, “সংসদে আমরা তাদের কাছে একটা জান্নাতের টিকিট চাইব। দেখব ওটা দেখতে কেমন হয়। এখন মিডিয়াতে ভাসছে কারা জান্নাতের টিকিট বিক্রি করছে।”
জুলাই আন্দোলনের চেতনাকে ধারণ করে আবারও জুলুমের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, “জুলাইয়ে যেমন রাজপথে নেমেছিলাম, প্রয়োজনে দাবি আদায়ে আবারও সেভাবে নামবো।”







