ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের সপ্তম দিনটি ছিল বেশ নাটকীয়। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে বৃহস্পতিবারের (২ এপ্রিল) এই অধিবেশনে সংসদ সদস্যদের ব্যক্তিগত আক্রমণ, অভিযোগ এবং পাল্টাপাল্টি মন্তব্যে উত্তপ্ত হয়ে ওঠে সংসদ ভবন।
অধিবেশনের শুরুতেই পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে তীক্ষ্ণ ভাষায় আক্রমণ করেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। স্বরাষ্ট্রমন্ত্রী তাকে ‘অসত্য’ বলার অভিযোগে পাল্টা জবাবে শফিকুর রহমান বলেন, “স্বরাষ্ট্রমন্ত্রীকে আল্লাহ অপূর্ব দক্ষতা দিয়েছেন; তিনি বোতল পরিবর্তন করে মেটেরিয়াল ঠিক রেখে সত্যকে মিথ্যা আর মিথ্যাকে সত্য হিসেবে চমৎকারভাবে পরিবেশন করতে পারেন।”
স্বরাষ্ট্রমন্ত্রী এই বক্তব্যকে ‘অসংসদীয়’ দাবি করে ডা. শফিকুর রহমানের ব্যবহৃত ‘মিথ্যা’ শব্দটি এক্সপাঞ্জ (কার্যবিবরণী থেকে বাদ দেওয়া) করার জন্য স্পিকারের কাছে অনুরোধ জানান।
জঙ্গি সম্বোধনের অভিযোগ ও বিচার দাবি:
মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য সাঈদ উদ্দীন আহমাদ হানজালা ক্ষোভ প্রকাশ করে জানান, সংসদ ভবন এলাকাতেই তাকে ‘জঙ্গি এমপি’ বলে সম্বোধন করা হয়েছে। স্পিকারের সহধর্মিণীর জানাজায় অংশ নিতে যাওয়ার সময় পেছন থেকে কেউ তাকে লক্ষ্য করে এই আপত্তিকর মন্তব্য করেন। স্পিকার বিষয়টিকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেন এবং যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
নারীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদ:
স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা অভিযোগ করেন যে, জামায়াতে ইসলামীর সংসদ সদস্য আমির হামজা এক ওয়াজ মাহফিলে তাকেসহ আরও দুই নারী সংসদ সদস্যের বিরুদ্ধে কুৎসিত ও কদাকার ভাষায় বক্তব্য দিয়েছেন। তিনি এই ঘটনার বিচার দাবি করলে স্পিকার তাকে বিধিমোতাবেক ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেন।
জ্বালানি সংকট ও পুলিশের হস্তক্ষেপ:
পটুয়াখালী-২ আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ বাউফলে জ্বালানি সংকট ও ডিলারদের কারসাজির কথা তুলে ধরেন। তিনি জানান, সংসদ সদস্যরাও তেল সংগ্রহ করতে গিয়ে অসম্মানিত হচ্ছেন। জবাবে জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, সরবরাহ স্বাভাবিক আছে, তবে কোনো ডিলার যদি কারসাজি করে তবে স্থানীয় পুলিশ ডাকতে হবে। পুলিশই ডিলারকে ধরে এনে তেল সরবরাহ নিশ্চিত করবে।







