উচ্চশিক্ষার জন্য বিদেশগামী শিক্ষার্থীদের জন্য একটি বড় সুসংবাদ দিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় শিক্ষার্থীদের ব্যাংক সলভেন্সি বা ব্যাংক গ্যারান্টির সাপোর্ট হিসেবে ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে প্রধানমন্ত্রীর সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠক শেষে প্রতিমন্ত্রী সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।
প্রতিমন্ত্রী নুরুল হক নুর জানান, বিশেষ করে যারা দক্ষিণ কোরিয়া, জাপান, চীন ও জার্মানির মতো দেশগুলোতে উচ্চশিক্ষার জন্য যেতে ইচ্ছুক, তাদের অনেক সময় ব্যাংক সলভেন্সি দেখাতে গিয়ে সমস্যায় পড়তে হয়। এই সংকট দূর করতে প্রধানমন্ত্রী প্রবাসী কল্যাণ ব্যাংককে নির্দেশ দিয়েছেন যেন তারা শিক্ষার্থীদের এই ঋণের ব্যবস্থা করে। এটি মূলত একটি ‘ডেডিকেটেড’ লোন স্কিম হিসেবে কাজ করবে।
মধ্যপ্রাচ্য সংকট ও শ্রমবাজারের সম্ভাবনা:
চলমান মধ্যপ্রাচ্য যুদ্ধ পরিস্থিতিতে বাংলাদেশের শ্রমবাজার নিয়ে উদ্বেগের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, “আমাদের শ্রমবাজারের বড় একটি অংশ মধ্যপ্রাচ্য কেন্দ্রিক। যুদ্ধের ফলে সেখানকার অবকাঠামো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ধ্বংসপ্রাপ্ত স্থাপনাগুলো পুনরায় নির্মাণের (Rebuild) জন্য ভবিষ্যতে আরও বিপুল সংখ্যক শ্রমিকের চাহিদা তৈরি হবে।” তিনি আশা প্রকাশ করেন যে, যুদ্ধের কারণে শ্রমবাজার ক্ষতিগ্রস্ত হওয়ার বদলে দীর্ঘমেয়াদে বাংলাদেশের জন্য নতুন সম্ভাবনা তৈরি করবে।
ভাষা শিক্ষার ওপর গুরুত্বারোপ:
প্রধানমন্ত্রী তারেক রহমান প্রবাসীদের দক্ষ করে গড়ে তুলতে বিশেষ করে ‘থার্ড ল্যাঙ্গুয়েজ’ বা নতুন ভাষা শেখার ওপর গুরুত্ব দিয়েছেন। প্রতিমন্ত্রী বলেন, “আমাদের দেশের কর্মীরা ভাষা না জানার কারণে বিদেশের মাটিতে তুলনামূলক কম বেতনে কাজ করেন। যদি তারা সংশ্লিষ্ট দেশের ভাষা রপ্ত করতে পারেন, তবে তাদের আয় ও কর্মপরিবেশ অনেক উন্নত হবে।”







