দেশে তেলের সংকট নেই, সরবরাহ স্বাভাবিক আতঙ্কিত না হওয়ার আহ্বান জ্বালানি মন্ত্রীর

দেশে তেলের কোনো সংকট নেই বলে দেশবাসীকে আশ্বস্ত করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। সোমবার (২৩ মার্চ) দুপুরে নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জানান, দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে এবং সরবরাহ স্বাভাবিক আছে।

পবিত্র ঈদুল ফিতরের ছুটির পরপরই দেশের কিছু জায়গায় জ্বালানি তেলের তীব্র সংকট ও পাম্পগুলোতে দীর্ঘ লাইনের খবর চাউর হয়। এই প্রেক্ষাপটে জরুরি সংবাদ সম্মেলন ডেকে মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, “দেশে তেলের কোনো সংকট নেই। সরবরাহ অব্যাহত আছে। তবে ঈদের কারণে গত দুই দিন সরবরাহ বন্ধ থাকায় কিছুটা চাপ তৈরি হয়েছে।” তিনি গ্রাহকদের আশ্বস্ত করে বলেন, এটি সাময়িক পরিস্থিতি এবং দ্রুতই সব ঠিক হয়ে যাবে।

২৫ শতাংশ বেশি আমদানি:

জ্বালানি মন্ত্রী জানান, সরকার চাহিদার তুলনায় বেশি তেল মজুত রেখেছে। গত বছরের একই সময়ের তুলনায় এবার ২৫ শতাংশ বেশি তেল আমদানি করা হয়েছে। তিনি জনগণকে আতঙ্কিত বা ‘প্যানিক’ না হয়ে শুধুমাত্র প্রয়োজন অনুযায়ী তেল কেনার আহ্বান জানান। তিনি জোর দিয়ে বলেন, “সবাই তেল পাবে, কেউ খালি হাতে ফিরবে না।”

নিরাপত্তা ও দাম নিয়ন্ত্রণের আশ্বাস:

সংবাদ সম্মেলনে উপস্থিত সড়ক পরিবহন ও রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব জানান, তেলের কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়ানোর যেকোনো অপচেষ্টা সরকার কঠোরহস্তে নিয়ন্ত্রণ করেছে। ঈদের আগে যে শঙ্কা ছিল, তা কাটিয়ে ওঠা সম্ভব হয়েছে। তিনি আরও বলেন, “পাম্পকেন্দ্রিক নিরাপত্তা ঈদের আগেও দেওয়া হয়েছে, প্রয়োজনে এখনও দেওয়া হবে।” সরকার নিশ্চিত করবে যাতে কোনো অসাধু চক্র তেলের বাজার অস্থির করতে না পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top