ঈদ উপলক্ষে ৫ দিনের যুদ্ধবিরতি ঘোষণা পাকিস্তান ও আফগানিস্তানের

পবিত্র রমজান মাসের শেষ সময়ে এবং আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে প্রতিবেশী আফগানিস্তানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযান পাঁচ দিনের জন্য স্থগিত করার ঘোষণা দিয়েছে পাকিস্তান। একই সঙ্গে পাল্টা পদক্ষেপ হিসেবে আফগান তালেবান সরকারও পাকিস্তানের বিরুদ্ধে তাদের সামরিক তৎপরতা সাময়িকভাবে বন্ধ রাখার কথা নিশ্চিত করেছে। বুধবার (১৮ মার্চ) দিবাগত রাত ১২টা থেকে শুরু হওয়া এই যুদ্ধবিরতি আগামী সোমবার রাত ১২টা পর্যন্ত কার্যকর থাকবে।

পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে এই সিদ্ধান্তের কথা জানান। তিনি উল্লেখ করেন, রমজানের পবিত্রতা ও সমাপ্তি উপলক্ষে সৌদি আরব, কাতার ও তুরস্কের মতো ভ্রাতৃপ্রতিম মুসলিম দেশগুলোর বিশেষ অনুরোধে এই যুদ্ধবিরতির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে আতাউল্লাহ তারার একটি সতর্কবার্তা দিয়ে জানিয়েছেন, এই সাময়িক বিরতির সময়ে যদি সীমান্ত পেরিয়ে পাকিস্তানের অভ্যন্তরে কোনো ধরনের হামলা, ড্রোন আক্রমণ বা সন্ত্রাসী কার্যক্রম চালানো হয়, তবে পাকিস্তান আবারও অত্যন্ত জোরালোভাবে সামরিক অভিযান শুরু করতে বাধ্য হবে।

অন্যদিকে, আফগান তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ এক বিবৃতিতে পাকিস্তানের বিরুদ্ধে তাদের সামরিক অভিযান স্থগিতের বিষয়টি নিশ্চিত করেছেন। এই যুদ্ধবিরতির ঘোষণার মধ্যেই বুধবার কাবুলের একটি মাদক পুনর্বাসনকেন্দ্রে ভয়াবহ বিমান হামলায় নিহতদের গণজানাজা অনুষ্ঠিত হয়েছে। তালেবান সরকারের দাবি অনুযায়ী, গত সোমবার পাকিস্তানের চালানো ওই হামলায় অন্তত ৪০০ জন প্রাণ হারিয়েছেন এবং ২৬৫ জনের বেশি মানুষ আহত হয়েছেন। কাবুল এই ঘটনাকে একটি অমানবিক হত্যাযজ্ঞ হিসেবে বর্ণনা করেছে।

তবে পাকিস্তান এই অভিযোগ অস্বীকার করে জানিয়েছে যে, তারা সাধারণ মানুষকে লক্ষ্য করে কোনো হামলা চালায়নি। তাদের দাবি, অত্যন্ত নির্ভুলভাবে কেবল সামরিক স্থাপনা ও সন্ত্রাসী অবকাঠামোকে লক্ষ্য করেই অভিযান চালানো হয়েছিল। ইসলামাবাদের দীর্ঘদিনের অভিযোগ, কিছু চরমপন্থী গোষ্ঠী আফগান ভূখণ্ড ব্যবহার করে পাকিস্তানের ভেতরে নাশকতা চালাচ্ছে এবং কাবুলের বর্তমান সরকার তাদের আশ্রয়-প্র প্রশ্রয় দিচ্ছে। যদিও তালেবান প্রশাসন শুরু থেকেই পাকিস্তানের এই দাবি নাকচ করে আসছে।

উল্লেখ্য, একসময়ের ঘনিষ্ঠ মিত্র এই দুই দেশের সম্পর্কের অবনতি ঘটে গত বছর থেকে। চীনের মধ্যস্থতায় মাঝে উত্তেজনা কিছুটা প্রশমিত হলেও গত মাস থেকে পরিস্থিতি আবারও যুদ্ধাবস্থায় রূপ নেয়। আগে পাকিস্তান কেবল সীমান্তবর্তী উগ্রপন্থী ঘাঁটিগুলোতে হামলা চালালেও, এবার তারা সরাসরি আফগান তালেবানকে লক্ষ্য করে অভিযান শুরু করেছে। বর্তমান এই পাঁচ দিনের যুদ্ধবিরতি মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ার উত্তপ্ত ভূ-রাজনীতিতে কিছুটা স্বস্তি আনবে বলে আশা করা হচ্ছে, তবে স্থায়ী শান্তির বিষয়ে এখনো গভীর অনিশ্চয়তা রয়ে গেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top