আগামী মাসে আসছে ‘কৃষক কার্ড’; খাল কাটা কর্মসূচির উদ্বোধন শেষে দিনাজপুরে প্রধানমন্ত্রী তারেক রহমান

জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে বিএনপি সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে উল্লেখ করে আগামী মাসের মধ্যে ‘কৃষক কার্ড’ দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (১৬ মার্চ) দিনাজপুর জেলা বিএনপি আয়োজিত এক সুধী সমাবেশ ও ইফতার মাহফিলে অংশ নিয়ে তিনি এই গুরুত্বপূর্ণ তথ্য জানান।

প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, সরকার গঠনের এক মাসেরও কম সময়ের মধ্যে মানুষের কাছে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে কাজ শুরু হয়েছে। ফ্যামিলি কার্ড, ধর্মীয় প্রতিষ্ঠানের ব্যক্তিদের সম্মানী এবং খাল খনন কর্মসূচির পর এবার কৃষকদের ভাগ্য উন্নয়নে আগামী মাসের মধ্যে ‘কৃষক কার্ড’ বিতরণের কাজ শুরু করবে সরকার।

কৃষি ও শিল্পায়ন নিয়ে বিশেষ পরিকল্পনা:

দিনাজপুরের স্থানীয় অর্থনীতির কথা মাথায় রেখে প্রধানমন্ত্রী জানান, এই অঞ্চলে কৃষিভিত্তিক কলকারখানা এবং পর্যাপ্ত হিমাগার (Cold Storage) স্থাপনের বিষয়ে সরকারের উচ্চপর্যায়ে আলোচনা চলছে। তিনি বলেন, কৃষকদের উৎপাদিত পণ্যের সঠিক মূল্য নিশ্চিত করতে এবং পচনশীল পণ্যের সংরক্ষণ ক্ষমতা বাড়াতে সরকার বদ্ধপরিকর।

নারী ক্ষমতায়ন ও ফ্যামিলি কার্ড:

প্রধানমন্ত্রী নারীদের উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করে বলেন, দেশের অর্ধেক জনগোষ্ঠীকে পেছনে ফেলে উন্নয়ন সম্ভব নয়। ইতোমধ্যে ১৫টি জায়গায় পাইলট প্রজেক্টের আওতায় ৩৭ হাজার নারীকে স্বাবলম্বী করতে ফ্যামিলি কার্ড দেওয়া হয়েছে। তিনি স্পষ্ট করেন যে, পর্যায়ক্রমে প্রতিটি যোগ্য পরিবার এই কার্ড পাবে। তবে যাদের প্রয়োজন নেই, তাদের এই সুবিধা গ্রহণ না করার নৈতিক আহ্বান জানান তিনি।

ধৈর্য ও ঐক্যের আহ্বান:

বিগত ১৬ বছরের অব্যবস্থাপনা ও লুটপাটের ইতিহাসের কথা স্মরণ করিয়ে দিয়ে তারেক রহমান বলেন, “১ বা ১৫ মাসে সব সমস্যার সমাধান সম্ভব নয়। প্রত্যাশিত বাংলাদেশ গড়তে হলে আপনাদের ধৈর্য ধরতে হবে।” তিনি আরও যোগ করেন, বর্তমান সরকার তাদেরও সরকার যারা ভোট দেয়নি; এটি সবার সরকার এবং দেশ গঠনে সবার সহযোগিতা প্রয়োজন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top