সংসদে রাষ্ট্রপতির ভাষণ বর্জন করে এনসিপি ও জামায়াতের ওয়াক-আউট; নাহিদ ইসলামকে হামিমের প্রশ্ন

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম দিনেই উত্তপ্ত হয়ে উঠেছে সংসদ কক্ষ। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন যখন তাঁর সাংবিধানিক ভাষণ দেওয়ার জন্য পোডিয়ামে দাঁড়ান, তখনই জামায়াতে ইসলামী ও এনসিপি’র সংসদ সদস্যরা স্লোগান দিতে শুরু করেন। এনসিপি’র আহ্বায়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলামের নেতৃত্বে দলটির সদস্যরা এবং ১১-দলীয় জোটের এমপিরা সংসদে দাঁড়িয়ে প্ল্যাকার্ড প্রদর্শন করে বিক্ষোভ দেখান। এক পর্যায়ে তাঁরা রাষ্ট্রপতির ভাষণ বয়কট করে সংসদ কক্ষ থেকে বেরিয়ে যান (ওয়াক-আউট)।

এ সময় স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম তাঁদের শান্ত থাকার এবং সংসদীয় শিষ্টাচার বজায় রাখার আহ্বান জানালেও বিক্ষোভকারীরা তা উপেক্ষা করেন। জামায়াত ও সমমনা দলগুলো আগে থেকেই বর্তমান রাষ্ট্রপতির বৈধতা নিয়ে প্রশ্ন তুলে আসছিল এবং সংসদে তাঁর ভাষণ দেওয়ার বিষয়ে আপত্তি জানিয়ে আসছিল।

নাহিদ ইসলামের প্রতি ছাত্রদল নেতার প্রশ্ন

এনসিপি নেতা নাহিদ ইসলামের এই ওয়াক-আউট ও প্রতিবাদকে কেন্দ্র করে কড়া সমালোচনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসীম উদ্‌দীন হল শাখা ছাত্রদলের সাবেক আহ্বায়ক শেখ তানভীর বারী হামিম। বৃহস্পতিবার এক ফেসবুক পোস্টে তিনি নাহিদ ইসলামকে উদ্দেশ্য করে বলেন, “এই রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনই ২০২৪ সালে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের শপথ বাক্য পাঠ করিয়েছিলেন। সেদিন কেন নাহিদ প্রতিবাদ করেননি?”

হামিম তাঁর পোস্টে আরও উল্লেখ করেন যে, বঙ্গভবনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ অন্য উপদেষ্টাদের সাথে নাহিদ ইসলাম নিজেও এই রাষ্ট্রপতির কাছেই শপথ নিয়েছিলেন। সেদিন যদি রাষ্ট্রপতির বৈধতা নিয়ে সমস্যা না থাকে, তবে আজ সংসদের প্রথম অধিবেশনে ওয়াক-আউট করা জুলাই বিপ্লবের অভিপ্রায়ের সঙ্গে গাদ্দারি করার শামিল বলে তিনি দাবি করেন।

সংসদের প্রথম দিনেই রাষ্ট্রপতির ভাষণ নিয়ে এই বিভক্তি সরকারের জন্য একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। একদিকে বিরোধী জোট রাষ্ট্রপতির পদত্যাগ বা অপসারণের দাবিতে অনড়, অন্যদিকে ক্ষমতাসীন দল বিএনপি সংবিধান ও আইনি ধারাবাহিকতা বজায় রাখতে চাইছে। নাহিদ ইসলামের বর্তমান প্রতিবাদের সঙ্গে ২০২৪ সালের শপথ গ্রহণের তুলনা করে ছাত্রদল নেতার তোলা প্রশ্নটি রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top