প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও ঢাকা-৮ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মির্জা আব্বাস অসুস্থ হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। প্রবীণ এই রাজনীতিকের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর রাজনৈতিক অঙ্গনে উদ্বেগ দেখা দিয়েছে এবং বিভিন্ন দলের নেতারা তাঁর শয্যাপাশে উপস্থিত হচ্ছেন।
বৃহস্পতিবার (১২ মার্চ) রাতে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এভারকেয়ার হাসপাতালে মির্জা আব্বাসকে দেখতে যান। সেখানে তিনি তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং দায়িত্বরত চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। ডা. শফিকুর রহমান মির্জা আব্বাসের পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলেন এবং তাঁর দ্রুত আরোগ্য কামনায় মহান আল্লাহর দরবারে দোয়া করেন। এ সময় তাঁর সঙ্গে জামায়াত নেতা ডা. এস এম খালিদুজ্জামান উপস্থিত ছিলেন।
এদিকে, মির্জা আব্বাসের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। বৃহস্পতিবার নিজের ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি এই প্রবীণ নেতার দ্রুত সুস্থতা কামনা করেন। উল্লেখ্য, সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে মির্জা আব্বাসের মূল প্রতিদ্বন্দ্বী ছিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী। ওই আসনে মির্জা আব্বাস ৫৯,৩৬৬ ভোট পেয়ে নির্বাচিত হন এবং নাসীরুদ্দীন পান ৫৪,১২৭ ভোট। নির্বাচনী লড়াইয়ের প্রতিদ্বন্দ্বিতা ভুলে নেতার অসুস্থতায় নাসীরুদ্দীনের এই শুভেচ্ছা রাজনৈতিক শিষ্টাচারের এক অনন্য উদাহরণ হিসেবে দেখা হচ্ছে।
উল্লেখ্য মির্জা আব্বাস বর্তমান সরকারের অন্যতম নীতি-নির্ধারক এবং দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতাসম্পন্ন নেতা। তাঁর অসুস্থতায় সরকারি ও বিরোধী দলের শীর্ষ পর্যায়ের নেতাদের এই ঐক্যবদ্ধ আরোগ্য কামনা দেশের নতুন রাজনৈতিক সংস্কৃতির একটি ইতিবাচক দিক হিসেবে চিহ্নিত হচ্ছে। বিশেষ করে নির্বাচনী প্রতিদ্বন্দ্বী নাসীরুদ্দীন পাটওয়ারীর সহানুভূতি রাজনৈতিক মহলে প্রশংসিত হচ্ছে।







