ট্রাইব্যুনালের প্রসিকিউটরের এক কোটি টাকা দাবি: বিচার প্রক্রিয়ায় আস্থার সংকটের আশঙ্কা টিআইবির

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) একজন প্রসিকিউটর কর্তৃক কারাবন্দী সাবেক সংসদ সদস্যের জামিন করিয়ে দিতে এক কোটি টাকা দাবির ঘটনাটি বিচার প্রক্রিয়ার ওপর জনআস্থার সংকট তৈরি করতে পারে বলে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান। মঙ্গলবার (১০ মার্চ) প্রথম আলো ও নেত্র নিউজের যৌথ অনুসন্ধানী প্রতিবেদনে এই চাঞ্চল্যকর দুর্নীতির তথ্য প্রকাশের পর তিনি এ প্রতিক্রিয়া জানান।

ইফতেখারুজ্জামান বলেন, আইন পেশা কতটা গভীরে কলুষিত হয়েছে, এই ঘটনা তারই একটি নজির। এটি অত্যন্ত উদ্বেগের কারণ, এর ফলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের স্বচ্ছতা প্রশ্নবিদ্ধ হতে পারে এবং প্রকৃত অপরাধীদের জবাবদিহিতা নিশ্চিত করার প্রক্রিয়া ক্ষতিগ্রস্ত হতে পারে। তিনি আরও উল্লেখ করেন যে, নতুন সরকার যেখানে দুর্নীতিবিরোধী শক্ত অবস্থান ও ন্যায়বিচারের অঙ্গীকার নিয়ে ক্ষমতায় এসেছে, সেখানে এই ঘটনায় সংশ্লিষ্টদের দৃশ্যমান নমনীয়তা বা কঠোর অবস্থান না নেওয়া উচ্চপর্যায়ে অপরাধের দায়মুক্তি নিয়ে গুরুতর প্রশ্ন তোলে।

অনুসন্ধানী প্রতিবেদন অনুযায়ী, চট্টগ্রাম-৬ আসনের সাবেক আওয়ামী লীগ সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরীকে জুলাই গণ-অভ্যুত্থানের একটি মামলায় জামিন পাইয়ে দেওয়ার বিনিময়ে এক কোটি টাকা চেয়েছিলেন সদ্য পদত্যাগকারী প্রসিকিউটর মো. সাইমুম রেজা তালুকদার। হোয়াটসঅ্যাপে হওয়া এই কথোপকথনের অডিও রেকর্ড যাচাই করে এর সত্যতা পাওয়া গেছে। যদিও অভিযুক্ত প্রসিকিউটর শিক্ষকতায় ফেরার কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন, তবে ইফতেখারুজ্জামান মনে করেন, কেবল পদত্যাগই যথেষ্ট নয়; বরং এই যোগসাজশমূলক দুর্নীতির সঙ্গে জড়িত প্রত্যেকের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনি ব্যবস্থা নেওয়া উচিত।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম এই ঘটনার অভ্যন্তরীণ তদন্তের ঘোষণা দিলেও টিআইবি প্রধান একটি সম্পূর্ণ নিরপেক্ষ ও প্রভাবমুক্ত বিচারিক তদন্তের দাবি জানিয়েছেন। তিনি সরকারকে সতর্ক করে বলেন, ‘এবার আমাদের পালা’—এমন চোরতান্ত্রিক মানসিকতা নিয়ন্ত্রণ করতে না পারলে সরকারের নির্বাচনী অঙ্গীকার ভেস্তে যাবে এবং দেশবাসী হতাশ হবেন। রাজনৈতিক প্রতিপক্ষ ও দুর্নীতিবাজ মহলকে সুবিধা না দিতে পেশাজীবী সংগঠনগুলোর ওপর কঠোর নিয়ন্ত্রণারোপের আহ্বান জানান তিনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top