শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার প্রধান আসামিদের ভারতের পশ্চিমবঙ্গে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, তাঁদের দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়েছে। সোমবার দুপুরে কক্সবাজার জেলা আইনশৃঙ্খলা কমিটির বৈঠক শেষে তিনি জানান, ভারতের সঙ্গে বিদ্যমান আসামি প্রত্যর্পণ চুক্তির আওতায় এই দুই আসামীকে ফিরিয়ে আনতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে কাজ করছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
স্বরাষ্ট্রমন্ত্রী তাঁর বক্তব্যে সাম্প্রতিক ‘মব’ বা গণপিটুনির ঘটনাগুলো নিয়েও কথা বলেন। তিনি জানান, সব বিচ্ছিন্ন ঘটনাকে মব হিসেবে চিহ্নিত করা ঠিক নয়, তবে সরকার দেশে কোনোভাবেই মব কালচার বা মব ভায়োলেন্স সৃষ্টির সুযোগ দেবে না এবং এ বিষয়ে প্রশাসন অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছে। এছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পবিত্র রমজান মাসের পরপরই সারাদেশে সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে বিশেষ চিরুনি অভিযান শুরু করার ঘোষণা দিয়েছেন তিনি।
পর্যটন নগরী কক্সবাজার নিয়ে বিশেষ নির্দেশনায় মন্ত্রী বলেন, আগামী এক সপ্তাহের মধ্যে সমুদ্র সৈকতে গড়ে ওঠা সকল অবৈধ স্থাপনা ও ঝুপড়ি দোকান উচ্ছেদ করা হবে। পর্যটন কেন্দ্রের সৌন্দর্য ও আন্তর্জাতিক মান রক্ষায় সৈকতকে পলিথিনমুক্ত এবং পরিচ্ছন্ন রাখার ওপর তিনি জোর দেন। একই সঙ্গে মাদক কারবারি এবং অনলাইন জুয়ার বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির কথা পুনর্ব্যক্ত করে মন্ত্রী জানান, জনগণের স্বস্তি ও সুশাসন প্রতিষ্ঠায় এসব অভিযান আরও জোরদার করা হবে।







