রাজধানীর নিম্নআয়ের মানুষের জীবনমান উন্নয়নে বড় পদক্ষেপ হিসেবে আগামী ১০ মার্চ কড়াইল বস্তিতে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (৩ মার্চ) বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে এক বিশেষ বৈঠক শেষে সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেন সমাজকল্যাণমন্ত্রী ডা. এ বি এম জাহিদ হোসেন।
পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, এই কর্মসূচিটি বগুড়া থেকে শুরু করার কথা ছিল। তবে বগুড়া-৬ (সদর) আসনের আসন্ন উপনির্বাচনের কারণে প্রধানমন্ত্রীর সেই সফরটি স্থগিত করা হয়েছে। জেলা প্রশাসক তৌফিকুর রহমান জানিয়েছেন, নির্বাচনী আচরণবিধি মেনে ভোটের আগে প্রধানমন্ত্রী কোনো সরকারি কর্মসূচিতে অংশ নিচ্ছেন না। ফলে বগুড়ার পরিবর্তে এখন রাজধানীর কড়াইল বস্তিকে এই উদ্বোধনী অনুষ্ঠানের জন্য চূড়ান্ত করা হয়েছে।
সরকারের এই ফ্যামিলি কার্ডের মূল লক্ষ্য হলো স্বল্প আয়ের পরিবারগুলোকে একটি ডাটাবেজের আওতায় এনে সুলভ মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা। বগুড়ার জেলা প্রশাসন থেকে জানানো হয়েছে, সেখানকার জন্য নতুন তারিখ পরবর্তীতে ঘোষণা করা হবে।







