রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত এক বর্ণাঢ্য ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়। নবনির্বাচিত সরকারের শপথ গ্রহণের পর এটিই কোনো রাজনৈতিক দলের ইফতার মাহফিলে প্রধানমন্ত্রীর প্রথম অংশগ্রহণ।
ইফতারের আগে দেওয়া এক সংক্ষিপ্ত বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, “আজকের এই মাহফিলে আসুন আমরা আল্লাহর নামে শপথ গ্রহণ করি—আমাদের আগামী দিনের প্রতিটি পদক্ষেপ যেন এ দেশের সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য নিবেদিত হয়। দেশের মানুষ অনেক প্রত্যাশা ও আকাঙ্ক্ষা নিয়ে আমাদের দিকে তাকিয়ে আছে।”
বিগত এক দশকের রাজনৈতিক সংগ্রামের কথা স্মরণ করে তিনি আরও বলেন, “অকাতরে জীবন দান, গুম-খুন এবং সীমাহীন নির্যাতনের বিনিময়ে বাংলাদেশের মানুষ আজ বাক-ব্যক্তি স্বাধীনতা ও গণতান্ত্রিক অধিকার ফিরে পেয়েছে। সদ্য সমাপ্ত নির্বাচনের মাধ্যমে যে গণতন্ত্রের যাত্রা শুরু হয়েছে, তাকে সফল করতে আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।”
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এবং জামায়াতের আমির ডা. শফিকুর রহমান একই টেবিলে বসে ইফতার করেন এবং কুশল বিনিময় করেন। ইফতারের আগে দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।







