বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার মাত্র ১৫ দিনের মধ্যেই নির্বাচনী প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে দ্রুত পদক্ষেপ নিতে শুরু করেছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে ঠাকুরগাঁওয়ে বেসরকারি সংস্থা ‘ইএসডিও’ (ESDO) আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল তাঁর বক্তব্যে ঠাকুরগাঁওবাসীর জন্য কয়েকটি বড় সুখবর দেন। তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষণা অনুযায়ী ঠাকুরগাঁও মেডিকেল কলেজ বাস্তবায়নের জন্য প্রতিনিধি দল ইতিমধ্যে কাজ শুরু করেছে। এ ছাড়া বন্ধ থাকা ঠাকুরগাঁও বিমানবন্দর পুনরায় চালু, জেলায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা এবং যুবকদের কর্মসংস্থানের লক্ষ্যে ইপিজেড (EPZ) নির্মাণের কাজও শিগগিরই শুরু হবে বলে তিনি প্রতিশ্রুতি দেন।
নবগঠিত সরকারের জনকল্যাণমূলক কাজের ফিরিস্তি তুলে ধরে এলজিআরডি মন্ত্রী বলেন, “কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মাফ করা হয়েছে এবং দুস্থ নারীদের জন্য ফ্যামিলি কার্ড কার্যক্রম চলমান রয়েছে।” তিনি ৫২, ৭১, ৯০ এবং চব্বিশের গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে একটি হিংসামুক্ত ও কল্যাণকর রাষ্ট্র গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি জোর দিয়ে বলেন, দীর্ঘ লড়াই ও রক্তপাতের মাধ্যমে অর্জিত এই রাজনৈতিক সরকারকে নিয়ে জাতি গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
রাজনৈতিক ও প্রশাসনিক উপস্থিতি-
ইএসডিও’র নির্বাহী পরিচালক মোহাম্মদ শহীদ উজ জামানের সভাপতিত্বে এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। এ ছাড়াও ঠাকুরগাঁও, পঞ্চগড় ও দিনাজপুরের সংসদ সদস্যসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।







