রাজধানীর বাংলা একাডেমি প্রাঙ্গণে দীর্ঘ প্রতীক্ষিত অমর একুশে বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেল ২টায় ফিতা কেটে মেলার উদ্বোধন করার পর এক বিশেষ আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আধুনিক প্রযুক্তির যুগে তরুণ প্রজন্মের বই পড়ার অনীহা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন।
প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে বলেন, “ইন্টারনেট বা ভার্চুয়াল জগতের প্রতি অতিরিক্ত আসক্তি বর্তমান তরুণ প্রজন্মের মধ্যে বই পড়ার প্রবণতা কমিয়ে দিচ্ছে। প্রযুক্তির উৎকর্ষ আমাদের জীবনের অংশ হলেও এর নেতিবাচক দিকগুলো সম্পর্কে তরুণদের সচেতন হতে হবে। সুস্থ ও জ্ঞানভিত্তিক সমাজ গড়তে হলে আমাদের আবারও বইয়ের পাতায় ফিরে আসতে হবে।” তিনি তরুণদের সৃজনশীল চিন্তা ও মেধা বিকাশে নিয়মিত বই পড়ার অভ্যাস গড়ে তোলার আহ্বান জানান।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন তাঁর স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং কন্যা জাইমা রহমান। অনুষ্ঠানের শুরুতে সুরসপ্তকের শিল্পীরা জাতীয় সংগীত পরিবেশন করেন এবং এরপর পবিত্র ধর্মগ্রন্থসমূহ থেকে পাঠ করা হয়। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী, শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন, বাংলা একাডেমির সভাপতি আবুল কাসেম ফজলুল হক এবং মহাপরিচালক অধ্যাপক আজম উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি, শিল্পী ও বুদ্ধিজীবীগণ।







